জেলা পরিষদের সহকারী প্রাথমিক শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে রাঙামাটি। কোটা বাতিলসহ ৬ দফা দাবিতে নতুন করে সোমবার, ২৪ নভেম্বর থেকে জেলা পরিষদ অনির্দিষ্টকালের জন্য শাটডাউন ঘোষণা করেছে কোটাবিরোধী ঐক্যজোট।
এর আগে ২১ নভেম্বর শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে ২০ নভেম্বর থেকে টানা ৩৬ ঘণ্টার হরতাল কর্মসূচি দিয়েছিল বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। তবে হরতাল কর্মসূচির মুখে ওই পরীক্ষা চতুর্থবারের মতো স্থগিত ঘোষণা করা হয়। ঘোষণার ৮ ঘণ্টা পরেই হরতাল কর্মসুচি স্থগিত ঘোষণা করে আন্দোলনকারীরা। তবে ৬ দফা দাবিতে আন্দোলন চালিয়ে নেয়ার ঘোষণা দেয় সংগঠনটি।
এদিকে নতুন করে অনির্দিষ্টকালের জন্য জেলা পরিষদ শাটডাউন ঘোষণা করায় ফের অস্বস্তি তৈরি হয়েছে।
সর্বশেষ হাইকোর্টের আদেশ অনুযায়ী সারাদেশের মতো নিয়োগে ৯৩% মেধা ও ৭% কোটার ভিত্তিতে নিয়োগ নিশ্চিত করাসহ ৬ দফা দাবিতে নানা কর্মসূচিসহ হরতাল পালন করে শিক্ষার্থীরা।
জেলা পরিষদের সহকারী প্রাথমিক শিক্ষকের এ নিয়োগে এবার ৫৮৯টি শূন্যপদে আবেদন করেন ৬ হাজার ৬৪৮ জন প্রার্থী। এর আগে এ নিয়োগ কার্যক্রমে নির্ধারিত লিখিত পরীক্ষা ২০২২ সালের ২৯ সেপ্টেম্বর, ২০২৪ সালের ২০ মে এবং সর্বশেষ গেল ১১ নভেম্বর এ নিয়োগ স্থগিত ঘোষণা করা হয়।
রাঙামাটি কোটাবিরোধী ঐক্যজোটের সমন্বয়ক মোহাম্মদ নুরুল আলম বলেন, ‘সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য রাঙামাটি জেলা পরিষদকে আমরা শাটডাউন ঘোষণা করছি। সকাল নয়টা থেকে আমরা সেখানে অবস্থান নেব। শুধু তাই নয়, আমাদের এ কর্মসূচি চলাকালীন আলোচনার মাধ্যমে বিগত সময়ের চেয়ে অধিক কঠোর থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। আমরা কোটা বাতিলসহ ৬ দফা দাবি দিয়ে শনিবার বিকেল পর্যন্ত জেলা পরিষদকে আল্টিমেটাম দিয়েছিলাম। কিন্তু কোনো জবাব না আসায় পূর্ব নির্ধারিত শাটডাউন কর্মসূচি ঘোষণা করা হয়েছে।’
পতাকানিউজ/জেআরজে/আরবি

