রাজধানী ঢাকার খিলগাঁও ফ্লাইওভারে কাভার্ডভ্যানের চাপায় পুলিশের এক সদস্য নিহত হয়েছেন।
নিহত রুবেল (৪০) পুলিশের নায়েক পদে কর্মরত ছিলেন। দুর্ঘটনার পর কাভার্ডভ্যানটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছেন।
বুধবার, ৩১ ডিসেম্বর দিবাগত রাত পৌনে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম প্রথম আলোকে জানান, পুলিশ হেডকোয়ার্টারের পাশে দায়িত্ব শেষ করে মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলেন রুবেল। এ সময় খিলগাঁও ফ্লাইওভারে একটি কাভারভ্যান তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
ওসি আরও জানান, দুর্ঘটনার পর কাভারভ্যানটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে যাওয়ায় তাঁকে গ্রেপ্তারে অভিযান চলছে। দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

