রাজধানীর আগারগাঁওয়ের একটি বাসায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের নারী ও শিশুসহ ছয়জন দগ্ধ হয়েছেন।
শনিবার (৬ ডিসেম্বর) সকাল ৬টার সময় এ ঘটনা ঘটে। পরে পৌনে ৮টার দিকে তাদের দগ্ধ অবস্থায় উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়। বর্তমানে সবাই সেখানে চিকিৎসাধীন।
দগ্ধ ব্যক্তিরা হলেন—মো. জলিল মিয়া (৫০), আনেজা বেগম (৪০), আসিফ মিয়া (১৯), সাকিব মিয়া (১৬), ইভা (৬) ও মনিরা আক্তার (১৭)।
দগ্ধদের এক স্বজন আরফান মিয়া জানান, ভোরের দিকে আগারগাঁও পাকা মার্কেটের ইসলামী ফাউন্ডেশনের পাশের ২০৪/এফ নম্বর বাসায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। পরে পরিবারের সদস্যদের উদ্ধার করে হাসপাতালে আনা হয়। তাদের গ্রামের বাড়ি শেরপুরের নালিতাবাড়ী উপজেলার তালুকপাড়া গ্রামে।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান বলেন, আগারগাঁও থেকে নারী ও শিশুসহ ছয়জন দগ্ধ অবস্থায় এসেছে। তাদের ড্রেসিং চলছে। এখনই সঠিকভাবে বলা যাচ্ছে না কে কত শতাংশ দগ্ধ হয়েছেন। কিছুটা সময় পর বিস্তারিত জানা যাবে।
পতাকানিউজ/এআই

