রাজধানীতে পৃথক দুটি স্থানে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে নারী পোশাকশ্রমিকসহ ৪ জন আহত হয়েছেন। তাদের কাছ থেকে একটি অটোরিকশা, নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়া হয়েছে।
রোববার, ১৯ অক্টোবর ভোর সাড়ে ৬ টার দিকে পূর্ব রামপুরা জামতলা কমিশনার গলিতে এবং সকাল সাড়ে ৭ টার দিকে জুরাইন এলাকায় এসব ঘটনা ঘটে।
আহতরা হলেন, স্যানিটারি মিস্ত্রি আমিনুল ইসলাম (২৮), রাজন (২২), আশরাফুল ইসলাম (৩০) এবং পোশাকশ্রমিক জান্নাত আক্তার (১৮)।
আহত আমিনুলের ভাই রিফাত জানান, রামপুরা জামতলায় একটি মেসে তারা চারজন থাকেন। প্রতিদিনের মতো সকালে নাস্তা খেতে বের হয়েছিলেন। পথে ৭–৮ জন ছিনতাইকারী ধারালো অস্ত্র দেখিয়ে তাদের অটোরিকশা থামিয়ে দেয়। পরে ছিনতাইকারীরা আমিনুল, রাজন ও আশরাফুলকে ছুরিকাঘাত করে প্রায় ২০ হাজার টাকা, মোবাইল ফোন ও রিকশা ছিনিয়ে নেয়।
রিফাত ও রিকশাচালক দৌড়ে পালিয়ে যেতে সক্ষম হন। আহতদের পরে স্থানীয়রা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
অন্যদিকে, সকাল সাড়ে ৭টার দিকে জুরাইন আলম মার্কেট এলাকার গার্মেন্টস কর্মী জান্নাত আক্তার বাসা থেকে কর্মস্থলে যাচ্ছিলেন। পথে এক যুবক তার পথরোধ করে গলায় ও পেটে ছুরিকাঘাত করে টাকা ও মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। জান্নাতের চিৎকারে পথচারীরা ছুটে এসে হামলাকারীকে আটক করে গণধোলাই দেয় এবং জান্নাতকে হাসপাতালে নিয়ে যায়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, আহতদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। পুলিশ ঘটনাগুলোর বিষয়ে তদন্ত করছে।
পতাকানিউজ/এআই

