রাজধানীর মিরপুরে পুলিশ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জন আহত হয়েছেন।
শনিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় আওয়ামী মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের নেত্রী হোসনেয়ারা সাদিককে তাঁর বাসায় আটক করতে গেলে এই হামলার ঘটনা ঘটে বলে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে।
আহতদের উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তাঁদের মধ্যে একজনের অবস্থার অবনতি হলে তাঁকে উন্নত চিকিৎসার জন্য জাতীয় নিউরোসায়েন্স ও হাসপাতাল ইনস্টিটিউটে পাঠানো হয়।
হামলার খবর পেয়ে রাতেই আহতদের দেখতে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে যান এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব।
এ সময় তিনি অভিযোগ করে বলেন, স্থানীয় বিএনপি নেতা হারুন ও পিচ্চি কামাল এই হামলার সঙ্গে জড়িত। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
পুলিশ জানিয়েছে, ঘটনার বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। হামলায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।
পতাকানিউজ/এআই

