রাজধানীতে আবারও বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে সূত্রাপুর ফায়ার সার্ভিসের গেটের সামনে মালঞ্চ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অজ্ঞাত দুর্বৃত্তরা আগুন দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, সূত্রাপুর এলাকায় মালঞ্চ পরিবহনের একটি বাসে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দিলে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভান।
এর আগে, সোমবার দিনগত রাতে রাজধানীর যাত্রাবাড়ী, উত্তরা ও বসুন্ধরা এলাকায় রাইদা পরিবহনের দুটি এবং রাজধানী পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এছাড়া সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ধানমন্ডিতে ল্যাবএইড হাসপাতালের সামনে শান্তা মারিয়াম বিশ্ববিদ্যালয়ের একটি চলন্ত বাসেও আগুন দেওয়া হয়, যা নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। একইদিন মেরুল বাড্ডা ও শাহজাদপুর এলাকাতেও দুটি বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।
এদিকে মঙ্গলবার বিকেলে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত ‘ঢাকা মহানগরীর চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি’ বিষয়ক সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানান, গত দুই দিনে রাজধানীতে মোট ৯টি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় তিনি আরও জানান, ককটেল বিস্ফোরণের ঘটনায় এ পর্যন্ত ১৭টি মামলা রুজু করা হয়েছে এবং গত ২৪ ঘণ্টায় এসব ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি বলেন, ‘যানবাহনে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা যেভাবেই ঘটুক না কেন, এসবের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে।’
পতাকানিউজ/এনটি

