রাজশাহী ও নাটোরের বাস মালিক-শ্রমিকদের বিরোধের জেরে রাজশাহীর সঙ্গে সারা দেশের সব আন্তঃজেলা রুটের বাস চলাচল বন্ধ রয়েছে।
শনিবার, ৫ সেপ্টেম্বর সকাল ৯টার পর বাস চলাচল বন্ধ করে দেয় শ্রমিকরা।
এদিকে পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ করে বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। দ্রুত সমস্যার সমাধান করে বাস চলাচল স্বাভাবিক করার দাবি জানিয়েছেন তারা।
রাজশাহী পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল জানান, সম্প্রতি রাজশাহী থেকে দর্শনা পর্যন্ত সরাসরি একটি বাস সার্ভিস চালু করা হয়। তবে এর প্রতিবাদ করে নাটোরের মোটর শ্রমিকরা বাসটি আটকে দেন। এ নিয়ে রাজশাহী ও নাটোরের শ্রমিকদের মধ্যে কয়েকদিন ধরে বিরোধ চলছিল। এরই জেরে আজ সকাল থেকে বাস চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।
রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল বলেন, ‘সকাল থেকে বাস চলাচল বন্ধ রয়েছে। নাটোরের ওপর দিয়ে যেসব বাস চলাচল করে, সেগুলো বন্ধ রয়েছে।’

রাজশাহী থেকে নাটোর হয়ে রংপুর বিভাগের বিভিন্ন জেলা, ঢাকা ও দেশের অন্যান্য এলাকায় নিয়মিত বাস চলাচল করে। এসব গুরুত্বপূর্ণ রুটের বাস বন্ধ থাকায় টার্মিনালে এসে বিপাকে পড়েছেন বিভিন্ন গন্তব্যের যাত্রীরা।
নাটোর জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বলেন, ‘রাব্বি পরিবহনের একটি বাস কোনও ধরনের অনুমতি ছাড়াই নাটোরে প্রবেশ করায় মালিক-শ্রমিকরা সেটি রাজশাহীতে ফেরত পাঠান। পরে নাটোরের কয়েকটি বাস রাজশাহীতে আটকে দেয়া হয়। এর জেরেই নাটোর-রাজশাহী রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।’
পতাকানিউজ/আরবি

