রাজশাহী মহানগর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে রোববার, ১০ আগস্ট। দীর্ঘ প্রায় ১৪ বছর পরে কাউন্সিলের মাধ্যমে কমিটি ঘোষণা করতে যাচ্ছে দলটি। এবার ঢাকা থেকে ঘোষণা করা হবে কমিটি।
দলের একাধিক সূত্র জানিয়েছে, কাউন্সিল হলেও কমিটি ঘোষণা করা হবে ঢাকা থেকে। সর্বশেষ ২০১০ সালে রাজশাহী নগরীর মাদ্রাসা মাঠ এলাকায় তৎকালীন উত্তরা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয় রাজশাহী মহানগর কাউন্সিল। ওই কাউন্সিলে অপ্রতিদ্বন্দ্বিভাবে সভাপতি হয়েছিলেন বর্তমানে চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক মেয়র মিজানুর রহমান মিনু এবং সাধারণ সম্পাদক হন শফিকুল হক মিলন।
ওই কাউন্সিলের পরে রাজশাহী মহানগর বিএনপির আর কোনো কাউন্সিল হয়নি। এরপর ঢাকা থেকে কমিটি ঘোষণা করা হয়েছে দুইবার। সর্বশেষ ২০২১ সালের এপ্রিলে ১১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে অ্যাডভোকেট এরশাদ আলী ইশাকে আহ্বায়ক এবং মামুন অর রশিদকে করা হয় সদস্য সচিব। পরবর্তীতে এ কমিটি ৬১ সদস্য বিশিষ্ট করা হয়। বর্তমানেও এ কমিটি বহাল আছে।
দলীয় একাধিক সূত্র জানায়, রোববারের কাউন্সিলে প্রধান অতিথি থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন, চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুস সালাম ও মিজানুর রহমান মিনুসহ কেন্দ্রীয় ও স্থানীয় বিএনপির নেতারা। দুপুর ২টা থেকে শুরু হবে কাউন্সিল।
দলীয় সূত্র জানায়, রাজশাহী মহানগরীতে রয়েছে ১২টি থানা। এর মধ্যে রয়েছে মহানগর বিএনপির সাংগঠনিক ৭টি থানা ও ৩৭টি ওয়ার্ড কমিটি। নিয়ম অনুযায়ী মহানগর বিএনপির কাউন্সিলে ৭টি থানা কমিটির সদস্যরা (প্রতিটি কমিটি ৭১ সদস্যের) এ কাউন্সিলে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। তবে ৭টি কমিটি গঠন হলেও অনুমোদিত হয়নি একটিও। থানা কমিটি অনুমোদন না থাকায় ওই কমিটির কাউন্সিলররা ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন না। ফলে শুধুমাত্র মহানগর কমিটির বতর্মান ৬১ জন সদস্য এই কাউন্সিলের কাউন্সিলর বা ভোটার। তবে বড় একটি অংশ কাউন্সিলর হতে না পারায় আংশিক কাউন্সিলর দিয়ে ভোটগ্রহণ করা হবে না। এতে করে মহানগর বিএনপির দায়িত্বশীল ব্যক্তিরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ওপর কমিটি গঠনের দায়িত্বভার দিবেন। পরবর্তীতে ঢাকা থেকে ঘোষিত হবে রাজশাহী মহানগর বিএনপির কমিটি।
দলীয় সূত্র মতে, তারেক রহমান চাইছেন কাউন্সিলের নামে মূলত মহানগর বিএনপির সিনিয়র-জুনিয়র নেতাকর্মীদের একটি মিলন মেলা হোক। যার মাধ্যমে আগামী নির্বাচনে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারবেন। এতে মহানগর বিএনপিও হবে শক্তিশালী। এ লক্ষ্যেই মূলত কাউন্সিল অনুষ্ঠিত হচ্ছে। এ কাউন্সিলে নেতাকর্মীদের বড় জমায়েতও করবে মহানগর বিএনপি।
দলীয় দায়িত্বশীল সূত্রগুলো বলছে, কাউন্সিল হোক আর না হোক মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে সভাপতি প্রার্থী হবেন বলে শোনা যাচ্ছে বর্তমান আহ্বায়ক এরশাদ আলী ঈশা, সদস্য সচিব মামুন অর রশিদ, সাবেক সভাপতি ও সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল এবং সাবেক সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন। এছাড়া সাধারণ সম্পাদক প্রার্থী হিসেবে নাম শোনা যাচ্ছে বর্তমান কমিটির যুগ্ম আহ্বায়ক ওয়ালিউর হক রানা, মহানগর যুবদলের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ সুইট, সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন ও বিএনপি নেতা অ্যাডভোকেট রইছুল ইসলামের।
এদিকে সম্মেলন উপলক্ষে শনিবার ৯ আগস্ট বেলা ১২টায় মালোপাড়া মহানগর বিএনপির দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও বিএনপি রাজশাহী বিভাগের সমন্বয়কারী বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম।
তিনি বলেন, ‘ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী রাজশাহী মহানগর বিএনপিকে তৃণমূল পর্যায় থেকে সু-সংগঠিত ও শক্তিশালী করার জন্য সকল মহল্লা, ওয়ার্ড এবং থানার সম্মেলন সফলভাবে সমাপ্ত হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে রাজশাহী মহানগর বিএনপি’র সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে (ভার্চুয়ালি) উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।’
পতাকানিউজ/আরআই/আরবি

