বংশানুক্রমিকভাবে ‘রাজার ছেলে রাজা হবে’—এই ধারণার পরিবর্তন জরুরি বলেও মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, রাজনীতি আমাদের পেশা নয়; রাজনীতিকে আমরা কর্তব্য হিসেবে নিয়েছি। যারা রাজনীতিকে পেশা বানিয়েছে, তারাই দুর্নীতি, চাঁদাবাজি, লুটপাট ও মামলাবাজিতে জড়িয়ে পড়েছে। তিনি বলেন, গত ১৫ বছরে এ দেশ থেকে প্রায় ২৮ লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে—এই টাকার প্রকৃত মালিক এ দেশের জনগণ। অথচ সাধারণ মানুষ আজ চাঁদাবাজ ও মামলাবাজদের ভয়ে অস্থির। বাংলাদেশের কপালে কাঙ্ক্ষিত পরিবর্তন এখনও দৃশ্যমান নয়।
শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১১টায় হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জামায়াতের আমির।
ডা. শফিকুর রহমান বলেন, দুর্নীতি আমাদের সমাজকে আগাগোড়া গ্রাস করেছে। এর জন্য সাধারণ মানুষ দায়ী নয়; যারা বিগত সময়ে দেশ শাসন করেছে, মূলত তারাই এর জন্য দায়ী। তিনি বলেন, আমাদের দেশের মানুষের হাতের ছোঁয়ায় অন্য দেশের কপাল বদলে যায়, অথচ অসৎ নেতৃত্বের কারণে নিজের দেশের কপাল বদলায়নি। ভোটের সময় এসব নেতা জনগণের কাছে পীর-দরবেশ সেজে হাজির হন, বসন্তের কোকিলের মতো মিষ্টি কথা বলেন, উন্নয়নের গঙ্গা বইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন—কিন্তু ভোট শেষ হলে তাদের আর খুঁজে পাওয়া যায় না।
তিনি বলেন, আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে মাঠে নেমেছি। দেশ পরিচালনার দায়িত্ব পেলে দুর্নীতি ও চাঁদাবাজদের হাত বন্ধ করে দেব। ব্যবসায়ীদের রাতের ঘুম হারাম হবে না, ফুটপাতের হকারদের চোখের পানি ফেলতে হবে না। আমরা জনগণের সম্পদের পাহারাদার হব, জনগণের তহবিলের কোনো অপব্যবহার করব না। প্রত্যেক সাংসদকে প্রতি বছর নিজের ও পরিবারের সব সদস্যের সম্পদের হিসাব প্রকাশ করতে হবে। সরকারি প্লট ও ট্যাক্সফ্রি গাড়ি নেব না; প্রয়োজনে রিকশায় বা পায়ে হেঁটে চলব।
তরুণদের প্রসঙ্গে তিনি বলেন, তরুণরা বেকার ভাতা চায় না, তারা মর্যাদার কাজ চায়। এজন্য গ্রামে গ্রামে কৃষিভিত্তিক শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলা হবে। যুবকদের উদ্দেশে তিনি বলেন, তোমরা প্রস্তুত হয়ে যাও—আগামী দিনের বাংলাদেশ তোমাদের হাতেই তুলে দিতে চাই।
মায়ের জাতিকে সম্মান করার আহ্বান জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, কিছু রাজনৈতিক ভাই-বন্ধু কীভাবে বলেন—বোরকা, নেকাব, হিজাব পরে এলে তা খুলে ফেলতে হবে। এভাবে বলতে বলতে একদিন তারা পুরো কাপড়ই খুলে ফেলতে বলবে। তারা কি কোনো মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসেনি? যদি এসে থাকে, তবে বলব—মায়ের জাতিকে সম্মান দেওয়া শিখুন, নিজের মাকে সম্মান করুন। তাহলেই দেশের ৯ কোটি মাকে সম্মান করতে পারবেন। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, অনেক হয়েছে—এগুলো আর বরদাশত করা হবে না। প্রয়োজনে জীবন দেব, কিন্তু মায়ের ইজ্জত কেড়ে নিতে দেব না।

তিনি আরও বলেন, হাদি, আবরার ফাহাদ, আবু সাইদসহ সব শহীদের হত্যাকারীদের ন্যায়বিচার নিশ্চিত করা হবে। একই সঙ্গে সরকারি কর্মচারীদের প্রতি নির্বাচনে নিরপেক্ষ থাকার আহ্বান জানান। ডা. শফিকুর রহমান বলেন, আমরা কেবল জামায়াতের বিজয় চাই না—১৮ কোটি মানুষের বিজয় চাই।
জেলা জামায়াতের আমির মখলিছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় ১১-দলীয় জোটের প্রার্থী মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা আব্দুল বাসিত আজাদ, কাজী মহসিন আহমেদ, ডা. আহমদ আব্দুল কাদেরসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
-পতাকানিউজ/এসসি

