মায়ের সঙ্গে বাড়ি ফেরার পথে পানি পান করার কথা বলে জয়পুরহাট শহর থেকে নিখোঁজ হয় তাইফ হাসান (১৬) নামে এক স্কুলছাত্র। নিখোঁজের ১৭ ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার, ১ ফেব্রুয়ারি দুপুরে জয়পুরহাট পৌরসভার পূর্ব দেবীপুর মাঠের একটি সরিষা খেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
তাইফ হাসান নওগাঁর ধামইরহাট উপজেলার কালুপাড়া গ্রামের মৃত তুহিন হোসেনের ছেলে। সে জগদল আদিবাসী স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র।
পুলিশ ও নিহতের পরিবার জানায়, গ্রামের বাড়ি ধামুইরহাট যাবার উদ্দেশ্যে শনিবার তাইফ তার মাকে নিয়ে বাসযোগে ঢাকা থেকে ফিরছিলেন। রাত আটটায় তারা জয়পুরহাট শহরে বাস থেকে নেমে পানি পান করার কথা বলে তাইফ মায়ের কাছ থেকে হারিয়ে যায়। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি।
এদিকে আজ রবিবার ১টায় দিকে সরিষা খেত থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
জয়পুরহাট সদর থানার ওসি আনিছুর রহমান বলেন, ‘তাইফ হাসানকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে হত্যাকাণ্ডের কারণ এখনও জানা যায়নি। ময়নাতদন্তের পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’
পতাকানিউজ/এসি/আরবি

