রংপুরের তারাগঞ্জে অবৈধভাবে ডিএপি সার পাচারের সময় জনতার হাতে আটক হন দুই সার ব্যবসায়ী। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের ৮০ হাজার টাকা জরিমানা এবং ২০ বস্তা ডিএপি সার বাজেয়াপ্ত করা হয়েছে। ঘটনাটি ঘটে বুধবার, ১২ নভেম্বর দিবাগত রাত সাড়ে ৯টার দিকে।
তারাগঞ্জ বাজারের অগ্রণী ব্যাংক সংলগ্ন এলাকায় অটোরিকশা যোগে ২০ বস্তা ডিএপি সার নীলফামারীর জলঢাকায় পাচারের চেষ্টা করছিল ব্যবসায়ীরা। স্থানীয়দের সন্দেহ হলে তারা অটো আটক করে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল রানা। তিনি পুলিশকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
আদালত ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মেসার্স তুহিন ট্রেডার্সের ম্যানেজার মো. আদরকে ৫০ হাজার টাকা এবং সার ব্যবস্থাপনা আইনে জলঢাকার সার ব্যবসায়ী আনোয়ার হোসেনকে ৩০ হাজার টাকা জরিমানা করেন। একই সঙ্গে ২০ বস্তা ডিএপি সার বাজেয়াপ্ত করা হয়।
অভিযানে প্রসিকিউটরের দায়িত্বে ছিলেন উপজেলা কৃষি অফিসের অতিরিক্ত কৃষি কর্মকর্তা নাজিমুল ইসলাম মিম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল রানা বলেন, ‘অবৈধভাবে সার পাচার বা মজুদ করে কৃষকদের ক্ষতির কারণ সৃষ্টি করা যাবে না। নিয়ম বহির্ভূতভাবে সার বিক্রি বা পরিবহনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।’
পতাকানিউজ/এসআই/এএইচ

