কক্সবাজারের রামুতে ঋণ নিয়ে স্ত্রীর সঙ্গে পারিবারিক কলহের জেরে এক যুবক আত্মহত্যা করেছেন।
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল সকালে রামু উপজেলার রাজারকুল ইউনিয়নের আদর্শগ্রাম এলাকার ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
নিহত ইসমত হোসাইন তাকিব (২৯) চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নের মাইজঘোনা গ্রামের মৃত মোহাম্মদ মহসিনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে রাজারকুল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পাঞ্জেখানা ঢালারমুখ আদর্শগ্রাম এলাকায় দুবাই প্রবাসী মো. জসিম উদ্দিনের ভাড়া বাসায় পরিবারসহ বসবাস করছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রামু থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ফরিদ বলেন, ‘দীর্ঘদিন ধরে ইসমত হোসাইন তাকিবের সঙ্গে স্ত্রী রুবায়েত সারমিন মনিরার মধ্যে নানা বিষয়ে মতবিরোধের জেরে পারিবারিক কলহ চলছিল।’
বুধবার রাতেও স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে তাকিব তার স্ত্রীকে বের করে দিয়ে ভেতর থেকে ঘরের দরজা বন্ধ করে দেয়।
পরিদর্র্শক আরও বলেন, ‘সকালে ঘরের দরজা বন্ধ দেখতে পেয়ে স্থানীয়রা ইসমত হোসাইন তাকিবকে দীর্ঘসময় ডাকাডাকি করে কোনো সাড়া পাননি। পরে থানায় খবর দিলে পুলিশ এসে দরজা ভেঙ্গে বৈদ্যুতিক পাখার সিলিংয়ের সঙ্গে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।’
পুলিশের ধারণা, বুধবার রাত ১১টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টার মধ্যে যেকোনো সময় তিনি আত্মহত্যা করে থাকতে পারে।
উদ্ধার করা মৃতদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান, পরিদর্শক ( তদন্ত ) মোহাম্মদ ফরিদ।
পতাকানিউজ/এনএ/আরবি

