কক্সবাজারের রামুতে মুক্তিপনের দাবিতে অপহৃত এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত একজনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার, ১০ মার্চ ত রাতে রামুর দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের ঘোনারপাড়া এলাকার স্লুইচ গেইট এলাকা থেকে তাকে আটক করা হয।
অপহৃত শিশু ইয়াছিন আরাফাত (৬) জোয়ারিয়ানালা ইউনিয়নের আদর্শগ্রাম এলাকার মোহাম্মদ জাহেদের ছেলে।
গ্রেপ্তার নূর হোসেন দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের চেইন্দা ঘোনারপাড়া এলাকার বাসিন্দা এবং শিশুর দূর সম্পর্কের চাচা।
রামু থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, গত ১০ মার্চ মঙ্গলবার রাত ১১টায় জোয়ারিয়ানালা ইউনিয়নের কহিনুর আক্তার জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে জানান, তিনি প্রতিদিনের মতো জঙ্গলে কাঠ কাটতে গেলে তার অবুঝ দুই শিশুকে ঘরে রেখে যান। এ সুযোগে অজ্ঞাত ব্যক্তি তার ছেলে ইয়াছিন আরাফাতকে (৬) অপহরণ করে আটকে রেখে মুক্তিপণ দাবি করে। এমন সংবাদ পুলিশ রাতভর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে।
অভিযানের একপর্যায়ে ভোরের দিকে দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের ঘোনারপাড়া এলাকার স্লুইচ গেইট এলাকা থেকে অপহরণকারী নূর হোসেনকে (৪৫) আটক করা হয় এবং তার হেফাজত থেকে অপহৃত শিশু ইয়াছিন আরাফাতকে উদ্ধার করা হয়।
ওসি বলেন, ‘প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে শিশুর পিতার সঙ্গে অপহরণকারীর আর্থিক লেনদেন সংক্রান্ত বিরোধ ছিল। ওই বিরোধের জেরে টাকা আদায়ের উদ্দেশ্যে শিশুটিকে অপহরণ করা হয়। শিশুকে তার মা কহিনুর আক্তারের হেফাজতে দেয়া হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীর এজাহার প্রাপ্তি সাপেক্ষে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
পতাকানিউজ/এনএ/আরবি

