নির্বাচনকালীন সময়ে ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিত চেয়ে করা রিট সরাসরি খারিজ করেছেন হাইকোর্ট। ফলে স্বাভাবিকভাবে আগামীকাল ৩০ জানুয়ারি, শুক্রবার এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার, ২৯ জানুয়অরি বিচারপতি রাজিক-আল-জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রিটের শুনানি শেষে এ আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মুহাম্মদ আজমী। তিনি জানান, রিট সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। ফলে স্বাভাবিক নিয়মে আগামীকাল, শুক্রবার প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সারা দেশে ৮টি বিভাগীয় শহরে ১৯০টি কেন্দ্রে এ পরীক্ষা হবে।
এর আগে বুধধবার, ২৮ জানুয়ারি এনামুল হকসহ চার প্রার্থীর পক্ষে আইনজীবী নাজমুস সাকিব এ রিট করেন। রিটে জনপ্রশাসন সচিব, পিএসসির চেয়ারম্যান, সচিব, পরীক্ষা নিয়ন্ত্রক এবং প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) বিবাদী করা হয়েছে।
তারও আগে গণভোটের প্রচার চালানোর জন্য নির্বাচনকালীন সব পরীক্ষা স্থগিত করার দাবিতে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান বরাবর গত ২০ জানুয়ারি স্মারকলিপি দেন এনামুল হকসহ একদল চাকরিপ্রার্থী। এতে ফল না পাওয়ায় রিটটি করা হয়।
পিএসসির বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আগামী ৩০ জানুয়ারি (শুক্রবার) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছিলো, পরীক্ষার হল, আসন ব্যবস্থা ও সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ নির্দেশনা যথাসময়ে কমিশনের ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে (http://bpsc.teletalk.com.bd) প্রকাশ করা হবে।
এর আগে গত বছর ২৬ নভেম্বর পিএসসির ওয়েবসাইটে ৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে কমিশন। গত ৪ ডিসেম্বর আবেদন শুরু হয়ে শেষ হয় ৩১ ডিসেম্বর।
পতাকানিউজ/আরবি

