ঢাকার মিরপুরের ডিওএইসএস’র বাসায় ইকরার মৃত্যুর ঘটনায় করা আত্মহত্যা প্ররোচনার মামলায় ছোট পর্দার অভিনেতা মো. নিয়ামত উল্লাহ ভূইয়া ওরফে জাহের আলভীকে ২ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে কারাগারে পাঠানো হয়েছে।
মঙ্গলবার, ৩০ জুন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনায়েদ কারাগারে পাঠানোর এ নির্দেশ দেন।
দুই দিনের রিমান্ডে শেষে আলভীকে আদালতে হাজির করে ডিবি পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পরিদর্শক আব্দুল মালেক তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গত ২১ জুন মামলার তদন্ত কর্মকর্তা মহানগর গোয়েন্দা পুলিশের ডিবি পরিদর্শক আব্দুল মালেক আদালতে ১০ দিনের রিমান্ডে নেয়ার আবেদন করেন। ২৪ জুন আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে তাকে কারাগার থেকে রিমান্ডে নেয়া হয়।
গত ১৮ জুন আদালতে আত্মসমর্পণ করার পর আলভীকে কারাগারে পাঠানো হয়।
গত ১ মার্চ বেলা পৌনে ১২টায় বাসার সিলিং ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস দেয়া অবস্থায় অভিনেতা আলভীর স্ত্রী ইকরাকে উদ্ধার করে পরিবারের সদস্যরা। পরে বাসার মালিকসহ স্বজনরা মিলে তাকে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরে পুলিশ খবর পেয়ে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট করাসহ বাসা থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করে।
এদিকে ইকরার আত্মহত্যার ঘটনায় ওইদিন রাতেই মামলা করেন তার মামা শেখ তানভীর আহমেদ। দীর্ঘদিনের ‘পারিবারিক কলহ ও বিভিন্ন ধরনের নির্যাতনের কারণেই’ তার ভাগনি ইকরা আত্মহত্যা করতে ‘বাধ্য হয়েছেন’ বলে মামলায় অভিযোগ করেন তিনি।
প্রসঙ্গত, আলভীর মা নাসরিন সুলতানা শিউলিকে মামলায় আসামি করা হয়। তিনি ইতিপূর্বে আদালতে আত্মসমর্পণ করার পর তাকে জামিন দেয়া হয়।
পতাকানিউজ/এএ/আরবি

