রূপালী ব্যাংক পিএলসির সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ওবায়েদ উল্লাহ আল মাসুদের পরিবারের পাঁচ সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এদিকে, অ্যালায়েন্ট এনার্জি সল্যুশন (বিডি) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কাজী হাসান শরীফকেও দেশের বাইরে যাত্রা করার অনুমতি দেওয়া হয়নি।
আজ বুধবার (১২ নভেম্বর) ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ গজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এই নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানান দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।
রূপালী ব্যাংকের সাবেক এমডি ওবায়েদ উল্লাহ আল মাসুদের পরিবারের দেশত্যাগে নিষেধাজ্ঞা প্রাপ্ত সদস্যরা হলেন— তার স্ত্রী মর্জিনা বেগম ওরফে মুনমুন মাসুদ, ছেলে জুনায়েদ জুলকার নায়েন ভিয়ান ও জুলুন সাফওয়ান এবং মেয়ে তাসমিয়া তারাল্গুন নাওমী।
দুদকের সহকারী পরিচালক মো. নাজমুল ইসলাম তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, ওবায়েদ উল্লাহ আল মাসুদ রূপালী ব্যাংকের পিএলসির ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত থাকার সময় ব্যাংকের ঋণ অনুমোদন করিয়ে তা ব্যক্তিগত প্রয়োজনে, বিশেষ করে তার পুত্রের বিদেশি শিক্ষার খরচে ব্যবহার করেছেন। এছাড়া, তিনি ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যাংক হিসাবসমূহে তৃতীয় পক্ষ থেকে নগদ অর্থ গ্রহণ, ক্লিয়ারিংয়ের মাধ্যমে অজানা উৎস থেকে অর্থ গ্রহণ এবং ব্যবসায়িক কার্যক্রমহীন প্রতিষ্ঠানে অর্থ স্থানান্তর করেছেন, যা অর্থপাচার ও মানিলন্ডারিংয়ের সঙ্গে জড়িত। যেহেতু তার দুই সন্তান ইতিমধ্যেই দেশত্যাগ করেছেন, তাই তার সঙ্গে পরিবারের অন্যান্য সদস্যরাও দেশের বাইরে যাওয়ার চেষ্টা করতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে ওবায়েদ উল্লাহ আল মাসুদ ও তার পরিবারের বিদেশ যাত্রা রোধ করা জরুরি।
দুদকের সহকারী পরিচালক মো. আশিকুর রহমান অ্যালায়েন্ট এনার্জি সল্যুশন (বিডি) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কাজী হাসান শরীফের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। আবেদনে বলা হয়, অভিযুক্ত কাজী হাসানের বিরুদ্ধে প্রায় দুই হাজার কোটি টাকা অবৈধভাবে বিদেশে পাচারের অভিযোগ তদন্তাধীন রয়েছে। তিনি যে কোনো সময় দেশের বাইরে যেতে পারেন বলে আশঙ্কা রয়েছে। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার বিদেশ যাত্রা রোধ করা অপরিহার্য।
পতাকানিউজ/এনটি

