দেশের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ এবার আয়োজন করা হয়েছে ভোলার চরফ্যাশনে। শুরু থেকেই অনুষ্ঠানটি চার দেয়ালের বাইরে গিয়ে দেশের নানা অঞ্চলের ইতিহাস, ঐতিহ্য, প্রকৃতি ও সংস্কৃতি তুলে ধরছে দর্শকের সামনে। সেই ধারাবাহিকতায় এবারের পর্ব ধারণ করা হয়েছে দ্বীপ জেলা ভোলার ঐতিহ্যবাহী চরফ্যাশনে।
অনুষ্ঠানটির রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন স্বনামধন্য নির্মাতা হানিফ সংকেত। এটি সম্প্রচারিত হবে আগামী শুক্রবার, ২৯ আগস্ট রাত ৮টার বাংলা সংবাদের পর, বাংলাদেশ টেলিভিশনে। অনুষ্ঠানটি নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন।
এবারের শুটিংয়ের স্থান হিসেবে বেছে নেওয়া হয় প্রায় একশ বছরের পুরোনো ঐতিহাসিক ট্যাফনাল ব্যারেট স্কুলের প্রাঙ্গণ। অনুষ্ঠান উপলক্ষে ভোলা জুড়ে তৈরি হয় উৎসবের আমেজ। দুপুর থেকেই হাজারো দর্শক ভিড় জমাতে শুরু করেন। আমন্ত্রিত দর্শকদের পাশাপাশি প্রায় অর্ধলক্ষ মানুষ অনুষ্ঠানস্থলের বাইরে দাঁড়িয়ে ‘ইত্যাদি’ উপভোগ করেন। যা ভোলার ইতিহাসে একটি রেকর্ড। গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যেও দর্শকের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।
এই পর্বে থাকছে ভোলা জেলাকে কেন্দ্র করে বিশেষ গান ও নৃত্য পরিবেশনা। গানটির কথা লিখেছেন মনিরুজ্জামান পলাশ, কণ্ঠ দিয়েছেন রাজিব ও তানজিনা রুমা। হানিফ সংকেতের সুরে গানের সংগীত আয়োজন করেছেন মেহেদী। এতে শতাধিক স্থানীয় নৃত্যশিল্পী অংশ নেন। এছাড়া কণ্ঠশিল্পী রবি চৌধুরী ও আঁখি আলমগীর পরিবেশন করেছেন একটি রোমান্টিক গান, যার সুর করেছেন ইমরান মাহমুদুল।

দর্শকপর্বে ভোলাকে ঘিরে করা প্রশ্নোত্তরে নির্বাচিত তিনজন দর্শক অভিনয় ভোলার সন্তান অভিনেতা তৌসিফ মাহবুবের সঙ্গে। বিশেষ সাক্ষাৎকারে থাকছেন ভোলার গর্ব এম এ মুহিত। যিনি দু’বার পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্ট জয় করেছেন।
তথ্যভিত্তিক প্রতিবেদনে স্থান পেয়েছে ভোলার বিভিন্ন উপজেলা, ১৯৭০ সালের ভয়াবহ ঘূর্ণিঝড়, মহিষকেন্দ্রিক অর্থনীতি, মৎস্যজীবীদের জীবনসংগ্রামসহ নানা বিষয়। বিদেশি প্রতিবেদন হিসেবে দেখানো হবে চীনের ঐতিহাসিক সামার প্যালেস।
নাট্যাংশে আলোচিত হবে সমসাময়িক নানা সামাজিক ইস্যু—যেমন কৃত্রিম বুদ্ধিমত্তা বনাম সেকেলে মানসিকতা, গরমে চরম দুর্দশা, মোবাইল আসক্তি, অভিভাবক-সন্তানের সম্পর্ক, রাজনৈতিক প্রচারণা ও ভাইরাস আতঙ্ক ইত্যাদি।
এ পর্বে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনয়শিল্পী দিলারা জামান, সোলায়মান খোকা, আবদুল আজিজ, সুভাশিষ ভৌমিক, আরফান আহমেদ, আমিন আজাদ, মুকিত জাকারিয়া, রকি খান, জিল্লুর রহমান, শাহেদ আলী, আশরাফুল আলম সোহাগ, জাহিদ শিকদার, জামিল হোসেন, নিপু, সুজাত শিমুল, কামাল বায়েজিদ, নজরুল ইসলাম, সাবরিনা নিসা, রাজীব সালেহীন, শুভরাজ, সুবর্ণা মজুমদার, সুচনা শিকদার, আনোয়ারুল আলম সজল, বেলাল আহমেদ মুরাদসহ অনেকে।
নিয়মিত চিঠিপত্র পর্ব ও ব্যতিক্রমী সংলাপও থাকছে এবারও। যা দর্শকদের যেমন হাসাবে, তেমনি ভাবনার খোরাক জোগাবে।
পতাকানিউজ/ওয়াইএস

