মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যান সংলগ্ন ঢাকা-সিলেট রেললাইনের পাশে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার, ১৯ সেপ্টেম্বর দুপুরে কমলগঞ্জ উপজেলার মাগুরছড়া নামক স্থানের রেললাইনের পাশ থেকে এ লাশ উদ্ধার করা হয়। পরে জিআরপি পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে থানায় নিয়ে যান।
জানা গেছে, রেললাইনের পাশে একটি মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে বন বিভাগ ও পুলিশকে খবর দিলে জিআরপি পুলিশ এসে লাশ উদ্ধার করেন। তবে তাৎক্ষণিক যুবকের নাম ঠিকানা জানা যায়নি।
শ্রীমঙ্গল রেলওয়ে থানার উপ-পরিদর্শক দীপক সরকার জানান, ‘রেললাইনের পাশ থেকে ১৮ বছরের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণের প্রক্রিয়া চলছে।’
তিনি আরও জানান, ‘নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। পরনে পাঞ্জাবি ও প্যান্ট রয়েছে। এটি হত্যা, না-কি আত্মহত্যা বুঝা যাচ্ছে না। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’
পতাকানিউজ/এসএ/এএইচ

