রেলের টিকিট বিক্রিতে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পেলেই তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
সোমবার (২৬ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে ফেনী রেলওয়ে স্টেশন এলাকায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। কক্সবাজার পর্যন্ত সম্প্রসারিত রুটে মহানগর এক্সপ্রেসের চলাচল শুরুর প্রথম দিনে ঢাকা থেকে ট্রেনে করে ফেনীতে আসেন প্রতিমন্ত্রী।
হাবিবুর রশিদ হাবিব বলেন, ‘রেলের যেকোনো ধরনের দুর্নীতি ও টিকিটসংক্রান্ত অভিযোগ পেলে আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিচ্ছি। এখন টিকিট অনলাইনে বিক্রি হয়। এরপরও কোথাও কোনো অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করছি।’
রেলওয়ের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার কাজ করছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী চান, দিন দিন রেলের উন্নয়ন ও সেবা বাড়ুক। এ লক্ষ্য বাস্তবায়নে মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা কাজ করছেন। সারা দেশের উন্নয়নের পাশাপাশি ফেনীর উন্নয়নেও সরকার সচেষ্ট রয়েছে।
তিনি বলেন, মহানগর এক্সপ্রেস চালুর পরিকল্পনার সময় ফেনী-১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনু ট্রেনটির ফেনী স্টেশনে যাত্রাবিরতি এবং ফেনীর জন্য সর্বোচ্চ আসন বরাদ্দের দাবি জানিয়েছিলেন। প্রধানমন্ত্রী তার সেই দাবি পূরণ করেছেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, জনগণ যে প্রত্যাশা নিয়ে বিএনপি ও দলের প্রার্থীকে ভোট দিয়েছেন, রফিকুল আলম মজনু ফেনীবাসীর সেই প্রত্যাশা পূরণ করতে পেরেছেন। রেলওয়ের যেকোনো উন্নয়নে ফেনীবাসীর দাবিকে গুরুত্ব দেওয়া হবে।
যাত্রী বাড়লে বাড়বে আসন ও রেলের সুবিধা
রেলওয়ের অবকাঠামোগত সীমাবদ্ধতার কথা তুলে ধরে হাবিবুর রশিদ হাবিব বলেন, অতীতে লোকোমোটিভ ও গ্যারেজের স্বল্পতা ছিল। সরকার দায়িত্ব নেওয়ার পর মিটারগেজ ও লোকোমোটিভের সংকট কাটিয়ে ওঠার উদ্যোগ নেওয়া হয়েছে। এসব সুবিধা আরও বাড়াতে সরকার ও মন্ত্রণালয় কাজ করছে।
ফেনীবাসীর উদ্দেশে তিনি বলেন, মহানগর এক্সপ্রেসের যাত্রা মাত্র শুরু হয়েছে। যাত্রীরা বেশি করে টিকিট কেটে ট্রেনে চট্টগ্রাম ও কক্সবাজার ভ্রমণ করলে এ অঞ্চলে রেলের আসনসংখ্যা ও অন্যান্য সুবিধা বাড়ানোর ক্ষেত্রে সরকার তাদের পাশে থাকবে।
এর আগে, রাত ১টা ৫৫ মিনিটে মহানগর এক্সপ্রেস ফেনী রেলওয়ে স্টেশনে পৌঁছায়। এ সময় প্রতিমন্ত্রী ট্রেনের যাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন। পরে ফেনী থেকে যাত্রা শুরুর আগে যাত্রীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এ সময় ফেনী-১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনুসহ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ঢাকা থেকে কক্সবাজারগামী মহানগর এক্সপ্রেসের ফেনী স্টেশনে যাত্রাবিরতি চালু হওয়ায় এ অঞ্চলের মানুষের রেল যোগাযোগে নতুন সুযোগ তৈরি হয়েছে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, নতুন এ সুবিধায় ফেনীবাসীর যাতায়াত আরও সহজ হবে।
পতাকানিউজ/এএএম

