৪১ বছর বয়সেও গোলের ক্ষুধা একটুও কমেনি ক্রিস্টিয়ানো রোনালদোর। চলতি ফেব্রুয়ারিতেই ৪১তম জন্মদিন উদ্যাপন করা এই পর্তুগিজ তারকা মাঠে এখনও সমান ধারালো। ম্যাচের পর ম্যাচে গোল করে তিনি এগিয়ে নিচ্ছেন নিজের কিংবদন্তি ক্যারিয়ারকে। সর্বশেষ সৌদি প্রো লিগে আল হাজমের বিপক্ষে জোড়া গোল করে নতুন এক অনন্য মাইলফলক স্পর্শ করেছেন তিনি।
রোববার রাতে আল হাজমকে ৪–০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে আল নাসর। দলের জয়ে বড় ভূমিকা রাখা রোনালদো এই ম্যাচেই ৩০ বছর বয়স পেরোনোর পর ৫০০ গোলের বিরল কীর্তি গড়েন— যা ফুটবল ইতিহাসে প্রথম। ম্যাচের প্রথম গোলটি করেই ছুঁয়ে ফেলেন ৫০০ গোলের মাইলফলক, পরে দ্বিতীয় গোল যোগ করে সংখ্যাটি নিয়ে যান ৫০১–এ।
ম্যাচের ১৩ মিনিটে আল নাসরের হয়ে প্রথম গোলটি করেন রোনালদো। দারুণ ফিনিশিংয়ে করা সেই গোলটি শুরুতে অফসাইডের কারণে বাতিল করা হলেও ভিএআরের সহায়তায় সিদ্ধান্ত বদলে যায়। এরপর ৭৯ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি। এই দুই গোলের মাধ্যমে ক্লাব ও আন্তর্জাতিক ফুটবল মিলিয়ে রোনালদোর মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ৯৬৪–এ। অর্থাৎ ক্যারিয়ারের প্রতীক্ষিত ১০০০ গোলের মাইলফলক স্পর্শ করতে তাঁর প্রয়োজন আর মাত্র ৩৬ গোল।
আল নাসরের হয়ে ম্যাচের অন্য দুটি গোল করেন কিংসলে কোমান ও অ্যাঞ্জেলো গ্যাব্রিয়েল। এই জয়ে সৌদি প্রো লিগের শীর্ষস্থানেও উঠে এসেছে আল নাসর। ২২ ম্যাচ শেষে তাদের সংগ্রহ ৫৫ পয়েন্ট। সমান ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে আল হিলাল, যারা একই রাতে আল ইত্তিহাদের সঙ্গে ১–১ গোলে ড্র করেছে।
ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করেন রোনালদো। তিনি লেখেন, ‘যেখানে আমাদের থাকার কথা, আবার সেখানেই ফিরেছি।’ পারফরম্যান্সের জন্য ম্যাচসেরার পুরস্কারও জেতেন তিনি।
এই মাইলফলকের আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকেও প্রশংসা পেয়েছেন রোনালদো। নিজের টিকটক অ্যাকাউন্টে প্রকাশিত এক ভিডিওতে ট্রাম্প তাকে ‘সর্বকালের সেরা’ আখ্যা দিয়ে বলেন, ‘রোনালদো, তুমি সর্বকালের সেরা। আমেরিকা তোমাকে চায়। এভাবেই চালিয়ে যাও—শিগগিরই এখানে তোমাকে দেখতে চাই।’
বর্তমানে আল নাসরের সঙ্গে রোনালদোর চুক্তির মেয়াদ ২০২৭ সাল পর্যন্ত। তবে এর মধ্যেই তাকে ঘিরে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) যোগ দেওয়ার গুঞ্জন শোনা গেছে। ট্রাম্পের মন্তব্য সেই সম্ভাবনার ইঙ্গিত কিনা, নাকি আসন্ন বিশ্বকাপ ফুটবলকে ঘিরে বলা— তা স্পষ্ট নয়। ২০২৬ বিশ্বকাপের আয়োজন করছে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো; আগামী ১১ জুন শুরু হবে আসরটি।

যদি রোনালদো এমএলএসে যোগ দেন, তাহলে যুক্তরাষ্ট্রের ফুটবল সমর্থকেরা দেখতে পারেন পুরোনো এক প্রতিদ্বন্দ্বিতার নতুন অধ্যায়। কারণ সেখানে ইন্টার মায়ামির হয়ে খেলছেন তাঁর দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি। স্প্যানিশ ফুটবলে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার হয়ে যেভাবে দুজনের দ্বৈরথ বিশ্ব ফুটবলকে উত্তেজিত করেছিল, তেমন আবহ আবারও তৈরি হতে পারে।
তবে আপাতত সৌদি আরবেই সুখী রোনালদো। মৌসুমের শুরুতে ক্লাবের ভেতরের কিছু মতবিরোধের গুঞ্জন শোনা গেলেও এখন তা অনেকটাই থেমে গেছে। মাঠেও নিয়মিত গোল পাচ্ছেন তিনি। চলতি মৌসুমে সৌদি প্রো লিগে ২০ ম্যাচে ইতোমধ্যে ২০ গোল করেছেন এই ফরোয়ার্ড।
ম্যাচ শেষে রোনালদো বলেন, ‘আমি খুবই সুখী। আগেও বহুবার বলেছি, আমি সৌদি আরবেরই মানুষ। এই দেশ আমাকে, আমার পরিবার ও বন্ধুদের দারুণভাবে গ্রহণ করেছে। এখানে আমি সুখে আছি এবং এখানেই থাকতে চাই।’
-পতাকানিউজ

