কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, গুলি ও সামরিক সরঞ্জাম উদ্ধার করেছে র্যাব-১৫।
সোমবার, ৩১ মার্চ বিকেলে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের সহকারি পরিচালক ( আইন ও গণমাধ্যম) ও সহকারি পুলিশ সুপার আ. ম. ফারুক জানান, র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
তিনি বলেন, `সোমবার, ৩০ মার্চ দুপুরে উখিয়া উপজেলি বালুখালী ৮-ইস্ট নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি-৪১ ব্লকের বাসিন্দা জনৈক ব্যক্তির বসতঘরে নাশকতার উদ্দেশে অস্ত্র, গুলি ও অন্যান্য সরঞ্জাম মজুদের খবর পায় র্যাব। পরে র্যাবের একটি দল ওই বসতঘরে অভিযান পরিচালনা করে। এসময় র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে সন্দেহজনক এক ব্যক্তি কৌশলে দৌঁড়ে পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।`
`পরে ঘরে তল্লাশি চালিয়ে শয়নকক্ষের ভেতর বিশেষ কায়দায় তৈরি মাচায় লুকিয়ে রাখা বেশ কিছু আগ্নেয়াস্ত্র, গুলি ও সামরিক সরঞ্জাম উদ্ধার করা হয়। এগুলো হল-১টি দেশীয় তৈরি বন্দুক, ১টি বিদেশি পিস্তল, ৪টি রাইফেলের গুলি, ৪টি গুলি ভর্তি পিস্তলের ১টি ম্যাগজিন, ৮৫ জোড়া সামরিক বাহিনীর পোশাক সদৃশ্য কম্বেট ইউনিফর্ম, ২১০টি সামরিক বাহিনীর টুপি সদৃশ্য কম্বেট টুপি, ৩০টি সামরিক হেলমেট, ১৫টি বান্ডুলিয়ার, ৪০ জোড়া হ্যান্ড গ্লাভস এবং ৯৮ জোড়া বিশেষ মোজা।’
উদ্ধার করা অস্ত্র, গুলি ও সামরিক সরঞ্জামাদি উখিয়া থানায় হস্তান্তর করে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান র্যাবের এ কর্মকর্তা।
পতাকানিউজ/এনএ/আরবি

