টেকনাফের আলীখালী রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তদের গুলিতে শিশুসহ পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। এদের মধ্যে তিনজন বাংলাদেশি।
বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি রাতে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ২৫ নম্বর আলীখালী রোহিঙ্গা ক্যাম্পের ব্লক এ/৪ (পুরাতন ব্লক ডি/৬) এলাকায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ রোহিঙ্গারা হলেন- আলী খালী রোহিঙ্গা ক্যাম্প ব্লক এ/৪ এর নূর হোসেনের ছেলে আব্দুর রহমান (৩৬), নূরুল হকের ছেলে মোহাম্মদ জিসান (১৩)।
তিন বাংলাদেশি হলেন- হ্নীলা আলী খালী এলাকার ভেক্কা মিয়ার ছেলে বাচ্চা মিয়া (৩৮),আব্দুল জলিলের মেয়ে নূসরাত জাহান (১৮) ও নুর ইসলামের ছেলে শাহাবুদ্দিন (১১)।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে আলীখালী এলাকায় ধানের শীষের নির্বাচনী প্রচারণার একটি গাড়িতে প্রচারণা চালানো হয়। ওই সময় সেখানে কিছু লোকজন জড়ো হয়। পরে সেখানে হঠাৎ একদল দুর্বৃত্ত এসে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে। এসময় শিশুসহ পাঁচজন গুলিবিদ্ধ হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে টেকনাফ মডেল থানার ওসি মোহাম্মদ সাইফুল বলেন, ‘আলী খালী রোহিঙ্গা ক্যাম্প এলাকায় গুলিতে পাঁচজন আহত হয়েছেন। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে জানতে তদন্ত চলছে।’
এ বিষয়ে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক মোহাম্মদ কাউছার সিকদার বলেন, ‘বিএনপি প্রার্থীর নির্বাচনী প্রচারণার একটি গাড়ি ওই এলাকা দিয়ে যাওয়ার সময় সেখানে উৎসুক জনতা জড়ো হয়। এসময় দুর্বৃত্তরা এসে এলোপাতাড়ি গুলিবর্ষণ শুরু করে। এতে পাঁচজন গুলিবিদ্ধ হয়।’
পতাকানিউজ/আরবি

