বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের সঙ্গে ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেড ক্রস (আইসিআরসি)-এর দুই সদস্যের একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে রাজধানীর পুলিশ হেডকোয়ার্টার্সে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
প্রতিনিধিদলের নেতৃত্ব দেন আইসিআরসি বাংলাদেশের হেড অব ডেলিগেশন নিকোলাস ফ্লুরি। সাক্ষাৎকালে তিনি বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গা শরণার্থীদের নিরাপত্তা ও আইনি সহায়তা প্রদানে বাংলাদেশ পুলিশের ভূমিকার প্রশংসা করেন।
নিকোলাস ফ্লুরি বাংলাদেশ পুলিশের পেশাগত সক্ষমতা বাড়াতে প্রশিক্ষণ কার্যক্রমে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেন। তিনি রেড ক্রসের চলমান মানবিক কার্যক্রমের পরিধি সম্পর্কেও আইজিপিকে অবহিত করেন। এ ছাড়া, দুর্যোগ ও দুর্ঘটনার সময় মাঠ পর্যায়ে কাজ করা রেড ক্রস স্বেচ্ছাসেবীদের নিরাপত্তা নিশ্চিতকরণে যৌথ সমন্বয়ের বিষয়েও আলোচনার আগ্রহ জানান।
আইজিপি বাহারুল আলম প্রতিনিধিদলকে বাংলাদেশ পুলিশের বিভিন্ন সক্ষমতা উন্নয়ন কর্মসূচি ও প্রশিক্ষণ উদ্যোগ সম্পর্কে অবহিত করেন। তিনি বলেন, পুলিশ সদস্যদের মানবিক ও পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ পুলিশ সর্বদা আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক বজায় রাখতে আগ্রহী।
সাক্ষাৎকালে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পতাকানিউজ/এনটি

