রোহিঙ্গা ক্যাম্পে বন্ধ হয়ে যাওয়া শিক্ষা কার্যক্রম আবারও চালুর উদ্যোগ নেয়া হয়েছে। এ উদ্যোগের অংশ হিসেবে ক্যাম্পে শিক্ষা কার্যক্রম সমূহের তথ্য সংগ্রহ চলছে। দ্রুত সময়ের মধ্যে শিক্ষা কার্যক্রম চালু করা হবে।
বুধবার, ১২ নভেম্বর বিকেল ৫টায় কক্সবাজারের একটি হোটেলের আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান ডা. মোস্তফা-হাজেরা ফাউন্ডেশনের চেয়ারম্যান ক্যাপ্টেন এ কে এম গোলাম কিবরিয়া।
তিনি বলেন, ‘গ্লোবাল ফাইভ জিরো ক্যাম্পেইন’ এর আওতায় ফ্রি মেডিকেল সার্ভিস ও বিদ্যালয় পুনরায় চালুর কার্যক্রম শুরু হয়েছে। ফাউন্ডেশনের মেডিকেল টিম গত তিন দিনে প্রায় ৮০০ রোগীকে চিকিৎসা ও বিনামূল্যে ওষুধ দিয়েছে। এতে ৪ জন অভিজ্ঞ চিকিৎসক ও ১৬ জন স্বেচ্ছাসেবক অংশ নেয়। এছাড়া স্থানীয় শিক্ষকদের সঙ্গে সমন্বয় করে রোহিঙ্গা শিশুদের বিদ্যালয় পুনরায় চালুর রোডম্যাপ গ্রহণ করা হয়েছে। যাতে দীর্ঘদিন বন্ধ থাকা শিক্ষার ধারাবাহিকতা ফিরে আসে ’
বিশ্ব স্বাস্থ্য সংস্থার হেলথ সিস্টেম ডেভেলপমেন্টের প্রাক্তন পরিচালক ড. সুলতানা খানম রোহিঙ্গাদের প্রতি বৈষম্যহীন আচরণ, তাদের শিক্ষা ও স্বাস্থ্য অধিকার নিশ্চিত করার আহ্বান জানান।
সাংবাদিক ও মানবাধিকার কর্মী ড. শহিদুল আলম বলেন, ‘রোহিঙ্গারা এখনও নিজেদের দেশে ফিরে যাওয়ার মতো নিরাপদ পরিবেশ পায়নি। বাংলাদেশ তাদের জন্য অনেক করেছে। তবু মানবতার দাবি—আমাদের আরও পাশে থাকতে হবে।’
পতাকানিউজ/এসএ/আরবি

