র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) নাম বদলে যাচ্ছে। বিশেষায়িত এ বাহিনীর নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। কমিটির সুপারিশে নতুন নাম রাখা হয়েছে স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)।
মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি সচিবালয়ে আইনশৃঙ্খলাসংক্রান্ত কোর কমিটির সভা শেষে এ সিদ্ধান্তের কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
উপদেষ্টা বলেন, ‘র্যাব পুনর্গঠনের জন্য প্রধান উপদেষ্টা প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অব.) আব্দুল হাফিজকে সভাপতি করে একটা কমিটি গঠন করা হয়েছিল। সেই কমিটি র্যাবের নতুন নাম সুপারিশ করেছে ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’ বা এসআইএফ। প্রধান উপদেষ্টা সেটি অনুমোদন দিয়েছেন। এটি আজ থেকে কার্যকর। এ বাহিনীটির কার্যক্রম নতুনভাবে শুরু হবে। এ বিষয়ে সরকারি একটা অর্ডার হবে।’
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, গত দেড় বছরে র্যাবের কার্যক্রম ও কাজের মানে ইতিবাচক পরিবর্তন এসেছে। সেই পরিবর্তনের ধারাবাহিকতায় বাহিনীর নতুন পরিচয় দেয়া হয়েছে।
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, শুধু নাম নয়, ইউনিটটির পোশাকেও পরিবর্তন আনা হচ্ছে। ইতিমধ্যে নতুন পোশাক প্রস্তুতের কাজ শুরু হয়েছে। আগামী সপ্তাহ থেকে সদস্যদের নতুন ইউনিফর্মে দেখা যাবে।
প্রসঙ্গত, ২০০৪ সালে আত্মপ্রকাশ করে র্যাব। একই বছরের ২১ জুন থেকে র্যাব পূর্ণাঙ্গভাবে অপারেশনাল কার্যক্রম শুরু করে।
পতাকানিউজ/আরবি

