শাহবাগ থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ।
সোমবার (১০ নভেম্বর) আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন বেঞ্চে রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি শেষে এ আদেশ দেওয়া হয়।
তবে একই মামলার অপর আসামি সাংবাদিক মনজুরুল আলম পান্নার জামিন শুনানি এক সপ্তাহের জন্য মুলতবি করেছেন আদালত।
এর আগে গত বৃহস্পতিবার বিচারপতি এ এস এম আবদুল মোবিন ও বিচারপতি মো. সগীর হোসেনের হাইকোর্ট বেঞ্চ লতিফ সিদ্দিকী ও মনজুরুল আলম পান্নাকে জামিন দেন। পরে রাষ্ট্রপক্ষ জামিন স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে।
আদালতে লতিফ সিদ্দিকীর পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না, সারা হোসেন ও রমজান আলী শিকদার।
গত ২৯ আগস্ট শাহবাগ থানায় দায়ের করা মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী লতিফ সিদ্দিকী ও ঢাবি অধ্যাপক কার্জনসহ ১৬ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক। মামলাটি করেন শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. আমিরুল ইসলাম।
পতাকানিউজ/এআই

