দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটটি সরাসরি ঢাকায় না নেমে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে প্রথমে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। সেখানে প্রায় এক ঘণ্টা অবস্থানের পর বিমানটি ঢাকার উদ্দেশ্যে রওনা দেবে।
তারেক রহমানের প্রত্যাবর্তনকে কেন্দ্র করে সিলেট বিমানবন্দর ও এর আশপাশের এলাকায় নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। বিমানবন্দরসংলগ্ন সড়কগুলোতে বসানো হয়েছে বিশেষ চেকপোস্ট। পাশাপাশি গোয়েন্দা নজরদারিও জোরদার করা হয়েছে।
বিএনপি সূত্র জানায়, নিরাপত্তার কথা বিবেচনায় তারেক রহমান সিলেট বিমানবন্দর থেকে বের হবেন না। দলীয় নেতাকর্মীদেরও বিমানবন্দর এলাকায় না যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর ও মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, বিমানবন্দর ও আশপাশের এলাকায় স্তরে স্তরে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এ কাজে সেনাবাহিনী, র্যাব ও বিজিবির সদস্যরাও দায়িত্ব পালন করবেন। পরিচয় নিশ্চিত না করে কাউকে বিমানবন্দর এলাকায় প্রবেশ করতে দেওয়া হবে না।
ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমেদ বলেন, বিমানটি এক ঘণ্টা অবস্থান করলেও তারেক রহমান বিমান থেকে নামবেন না। তার নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্রীয় পর্যায়ে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে।
পতাকানিউজ/এআই

