পবিত্র রমজান ও ঈদুল ফিতরের টানা ৪০ দিনের ছুটি শেষে আজ, ২৯ মার্চ, রবিবার খুলেছে সব স্কুল-কলেজ।
এদিকে, প্রাথমিক বিদ্যালয়ে শিখন ঘাটতি কমাতে ঈদের ছুটির পর নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী, ঈদের ছুটির পর প্রথম ১০টি শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে।
এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে কিছু নির্দেশনা অনুসরণের কথা জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
বুধবার, ২৫ মার্চ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগের জারি করা এক বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা তুলে ধরা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গঠিত কমিটির কার্যপরিধি অনুযায়ী ঈদুল ফিতর ২০২৬-এর ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পূর্বে পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ এবং বছরব্যাপী এ কার্যক্রম অব্যাহত রাখার বিষয়ে গুরুত্বারোপ করা হয়েছে।
এতে আরও বলা হয়, বিষয়টি অতীব জরুরি। এমতাবস্থায়, আপনার অধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানে নিম্নোক্ত নির্দেশনা বাস্তবায়নের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো—
ক) ঈদুল ফিতর ২০২৬ এর ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পূর্বে পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে।
খ) প্রতিদিন শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য নিয়মিত তদারকি জোরদার করতে হবে।
গ) প্রতি সপ্তাহে শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করতে হবে।
ঘ) শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ ও বাগান পরিচর্যা নিশ্চিত করতে হবে।
ঙ) শিক্ষার্থীদের পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়ে উদ্বুদ্ধকরণ কার্যক্রম গ্রহণ করতে হবে।
পতাকানিউজ/আরবি

