অবশেষে মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে গাড়ি পার্কিং নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। রবিবার ৫ অক্টোবর সন্ধ্যায় বন বিভাগ পার্কিং নিষেধাজ্ঞা প্রত্যাহার করে।
এর আগে গত ১ অক্টোবর পরিবেশ ও বন্যপ্রাণী সুরক্ষার কারণ দেখিয়ে লাউয়াছড়া জাতীয় উদ্যানে হঠাৎ গাড়ি পার্কিংয়ে নিষেধাজ্ঞা জারি করে বন বিভাগ। এতে বিপাকে পড়েন বেড়াতে আসা পর্যটকেরা। এ নিয়ে পতাকানিউজসহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এতে টনক নড়ে কর্তৃপক্ষের।
লাউয়াছড়ার প্রবেশদ্বারের কাছাকাছি উন্মুক্ত জায়গায় পর্যটকদের গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা ছিল। কিন্তু পূর্ব ঘোষণা ছাড়াই সেই সুবিধা বাতিল করে বন বিভাগ। গাড়ি পার্কিং নিষেধাজ্ঞা দিয়ে সেখানে কয়েকটি নিষেধাজ্ঞা সাইনবোর্ড স্থাপন করা হয়। ফলে দূর-দূরান্ত থেকে আসা পর্যটকদের নিজেদের গাড়ি বা ভাড়া করা পরিবহন প্রবেশদ্বার থেকে বেশ দূরে কমলগঞ্জ – শ্রীমঙ্গল সড়কের দুপাশে পার্ক করতে হচ্ছে। এ নিয়ে ভোগান্তিতে পড়ে পর্যটক ও গাড়ি চালকেরা।
বিষয়টি নিশ্চিত করে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহকারী বন সংরক্ষণ (এসিএফ) জামিল মোহাম্মদ খান বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে গাড়ি পার্কিংয়ে নিষেধাজ্ঞার সাইনবোর্ড স্থাপন করা হয়েছিল। কর্তৃপক্ষের আদেশে আবার তা প্রত্যাহার করে সাইনবোর্ড অপসারণ করা হয়েছে।
পতাকানিউজ/এমআরআর/আরবি

