ঢাকাই শোবিজের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী আবারও স্পষ্টভাবে অস্বীকার করেছেন তাঁর বিরুদ্ধে ওঠা লাগেজে মদ পাওয়ার অভিযোগ। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানিয়েছেন, পুরো ঘটনা ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁর নাম জড়ানো হয়েছে।
গত বছরের আগস্টে ব্যাংকক থেকে ঢাকায় ফেরার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর–এ তাঁর লাগেজে ১৪ বোতল মদ পাওয়া গেছে বলে কিছু গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। খবরগুলোতে বলা হয়, এই সময় মেহজাবীনের সঙ্গে ছিলেন স্বামী ও নির্মাতা আদনান আল রাজীব এবং নির্মাতা শঙ্খ দাসগুপ্ত। তবে অভিযোগে আরও উল্লেখ করা হয়, লাগেজে মদ পাওয়ার পরও বিমানবন্দর কর্তৃপক্ষ বিষয়টি প্রকাশ না করে তাদের ছাড়িয়ে দেয়।
খবর প্রকাশিত হওয়ার পর সমালোচনার মুখে পড়েন মেহজাবীন। এই পরিস্থিতিতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে তিনি লেখেন, “উল্লিখিত কোনো ঘটনার সময় আমাকে কখনোই বিমানবন্দরে থামানো হয়নি। আমার কোনো হ্যান্ডব্যাগ বা লাগেজ আটকানো হয়নি, এবং আমার লাগেজে উল্লিখিত কোনো অবৈধ জিনিস পাওয়ার প্রশ্নই ওঠে না। যেসব কথা ছড়ানো হচ্ছে, সে রকম কোনো ঘটনার মুখোমুখি আমি হইনি।”
মেহজাবীন আরও অভিযোগ করেন, প্রমাণ ছাড়াই তাঁর ছবি ব্যবহার করে ‘ক্লিকবেইট’ সংবাদ প্রকাশ করা হয়েছে, যা অত্যন্ত উদ্বেগজনক। তিনি বলেন, “দুর্ভাগ্যজনকভাবে মানহানি এখন স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। যে খবরটি ছড়ানো হয়েছে, তার নিরিখে কেউ প্রমাণ দিতে পারবে না যে আমার লাগেজে কোনো অবৈধ জিনিস পাওয়া গেছে।”
এই ধরনের মানহানিকর প্রচারের বিরুদ্ধে ইতিমধ্যেই আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অভিনেত্রী। এর আগে গত রোববারও তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে অভিযোগ অস্বীকার করেছেন। সেই পোস্টে তিনি উল্লেখ করেছেন, সম্প্রতি তাঁকে বিভিন্নভাবে টার্গেট করা হচ্ছে এবং এমনকি একটি মিথ্যা মামলায় হয়রানির শিকার হলেও আদালত থেকে অব্যাহতি পেয়েছেন।

-পতাকানিউজ

