দেশের বাজারে গত দুদিন লাফিয়ে বেড়েছিল স্বর্ণের দাম। তবে এবার স্বর্ণের দামে পতন হলো। ভরিতে ৪ হাজার ৪৩২ টাকা কমিয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকা।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন এ দাম আজ সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে।
বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
বাজুসের নতুন দাম অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকা, ২১ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে ২ লাখ ৩৬ হাজার ৭২০ টাকা, ১৮ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে ২ লাখ ২ হাজার ৮৪৮ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ভরিতে ১ লাখ ৬৫ হাজার ৩৮৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে, বুধবার, ৮ এপ্রিল স্বর্ণের দাম ভরিতে বাড়ে সর্বোচ্চ ৬ হাজার ৫৯০ টাকা।
স্বর্ণের দামের কমানোর পাশাপাশি কমেছে রূপার দামও। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ১৭৫ টাকা কমিয়ে ৫ হাজার ৭১৫ টাকা, ২১ ক্যারেটের এক ভরি রূপার দাম ১৭৫ টাকা কমিয়ে ৫ হাজার ৪২৪ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রূপার দাম ১১৬ টাকা কমিয়ে ৪ হাজার ৬৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রূপার দাম ১১৭ টাকা কমিয়ে ৩ হাজার ৪৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে।
পতাকানিউজ/আরবি

