রাজধানীর লালবাগ থানায় দায়ের করা নাশকতার মামলায় দণ্ডপ্রাপ্ত ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন খোকনকে কারাগারে পাঠানো হয়েছে।
আজ রবিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, আইনজীবীর মাধ্যমে স্বেচ্ছায় আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেছিলেন মোশাররফ হোসেন। শুনানি শেষে আদালত আবেদনটি খারিজ করে দেন এবং তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন মোশাররফ হোসেনের আইনজীবী মো. রফিকুল ইসলাম খান।
২০১৩ সালে লালবাগ থানার গাড়ি পোড়ানোর একটি মামলায় গত বছরের ২৩ নভেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম মোশাররফকে তিন বছর তিন মাস (সোয়া তিন বছর) কারাদণ্ড দেন। ওই রায়ের পর আপিলের স্বার্থে জামিন চেয়ে আত্মসমর্পণ করেন তিনি।
নাশকতার ওই মামলাটি ২০১৩ সালের নভেম্বরে দায়ের করা হয়। তদন্ত শেষে ২০১৫ সালের ৩১ সেপ্টেম্বর লালবাগ থানা-পুলিশ ৭৫ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেয়। পরের বছর আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন।
বিচারপ্রক্রিয়া শেষে ২০২৩ সালের ২৩ নভেম্বর ঢাকার তৎকালীন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম ৫০ জন বিএনপি নেতাকর্মীকে পৃথক দুই ধারায় তিন বছর তিন মাস করে কারাদণ্ড দেন। মামলাটির বিচার চলাকালে আদালত ২৩ জন সাক্ষীর মধ্যে সাতজনের সাক্ষ্য গ্রহণ করেন।
পতাকানিউজ/এনটি

