কঠোর নিরাপত্তার মধ্যে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মরদেহ রাজধানীর গুলশান এলাকা থেকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার উদ্দেশে নেওয়া হচ্ছে। জাতীয় পতাকায় মোড়ানো মরদেহ বহন করা হচ্ছে একটি ফ্রিজার ভ্যানে।
বুধবার, ৩১ ডিসেম্বর বেলা ১১টা ৫ মিনিটের দিকে গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর বাসা থেকে মরদেহবাহী গাড়িটি যাত্রা শুরু করে। এর আগে সকাল ৮টা ৫৪ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে মরদেহটি গুলশানে আনা হয়। সেখানে স্বজনদের পাশাপাশি বিএনপির নেতাকর্মীরা শেষবারের মতো তাকে শ্রদ্ধা জানান।
নির্ধারিত রুট অনুযায়ী গুলশান-২, কামাল আতাতুর্ক অ্যাভিনিউ, এয়ারপোর্ট রোড, মহাখালী ফ্লাইওভার, জাহাঙ্গীর গেট ও বিজয় সরণি হয়ে জাতীয় সংসদ ভবনের ৬ নম্বর গেট দিয়ে মরদেহটি দক্ষিণ প্লাজায় নেওয়া হচ্ছে।
বেগম খালেদা জিয়ার জানাজা আজ বাদ জোহর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত হবে। জানাজা পড়াবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি আবদুল মালেক। জানাজা শেষে তাকে স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হবে।
জানাজা ও দাফন অনুষ্ঠান নির্বিঘ্ন করতে মানিক মিয়া অ্যাভিনিউসহ রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ২৭ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। এ ছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যরাও নিরাপত্তার দায়িত্বে রয়েছেন।
মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তাঁর মৃত্যুতে সরকার বুধবার থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে।
পতাকানিউজ/এআই

