গুম করে শতাধিক মানুষকে হত্যার অভিযোগে সাবেক মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন নির্ধারণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে (শ্যোন অ্যারেস্ট) অভিযোগ গঠন বিষয়ে আগামী ৪ জানুয়ারি শুনানি হবে।
মঙ্গলবার, ২৩ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
এর আগে গত ১৭ ডিসেম্বর গুম করে শতাধিক মানুষ হত্যার অভিযোগে জিয়াউল আহসানের বিরুদ্ধে তিনটি আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। অভিযোগ দাখিলের পর সেগুলো আমলে নেওয়ার আবেদন জানানো হলে ট্রাইব্যুনাল তা গ্রহণ করে এবং ২১ ডিসেম্বর তাঁকে হাজির করার নির্দেশ দেন। ওই নির্দেশ অনুযায়ী সেদিন জিয়াউল আহসানকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।
সাবেক এই সেনা কর্মকর্তা ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। গত বছরের আগস্টের মাঝামাঝি রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।
পতাকানিউজ/এআই

