সংসদ সদস্য ও নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানের প্রস্তুতি ও আনুষ্ঠানিকতা নিয়ে বিএনপিকে অবহিত করতে রাজধানীর গুলশানে দলটির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে যান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। আজ সোমবার বিকেলে তিনি সেখানে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎ শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলতে গিয়ে নাসিমুল গনি জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যদের শপথ সংসদের শপথকক্ষে অনুষ্ঠিত হবে। আর নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠান সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজন করা হবে। তিনি বলেন, শপথ অনুষ্ঠান নিয়ে বিএনপির পক্ষ থেকে কয়েকটি নতুন পরামর্শ দেওয়া হয়েছে, যা বিবেচনায় নেওয়া হচ্ছে।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ভোটগ্রহণ হয়। পরদিন নির্বাচন কমিশন ২৯৭টি আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করে। উচ্চ আদালতের নির্দেশনার কারণে চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফলাফলের গেজেট এখনো প্রকাশ করা হয়নি।
ঘোষিত ফলাফল অনুযায়ী, ২৯৭টি আসনের মধ্যে বিএনপি জয় পেয়েছে ২০৯টিতে। স্থগিত থাকা দুটি আসনেও দলটির প্রার্থীরা এগিয়ে রয়েছেন। বিএনপির শরিক দলগুলো পেয়েছে তিনটি আসন। অন্যদিকে জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি আসন এবং দলটির নেতৃত্বাধীন ১১-দলীয় নির্বাচনী জোটের অন্যান্য শরিকেরা পেয়েছে নয়টি আসন।
এর আগে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল সচিবালয়ে সাংবাদিকদের জানান, বিজয়ী সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান মঙ্গলবার সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। একই দিন বিকেল চারটায় নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়ানো হবে। শপথ অনুষ্ঠানে সার্কভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে।
-পতাকানিউজ

