আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ২৭২ আসনে এরইমধ্যে দলের প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিএনপি। বাকি ২৮ আসনের মধ্যে ৪টি আসনে জমিয়তে উলামায়ে ইসলামের সঙ্গে বিএনপি নির্বাচনী সমঝোতা হয় মঙ্গলবার। একদিন পর বুধবার, ২৪ ডিসেম্বর শরিকদের দেয়া হলো আরও ১০টি আসন। এর মধ্যে দুইজন নিজ দল ছেড়ে যোগ দিয়েছেন বিএনপিতে। এখনও বাকি আছে ৮টি আসন।
বুধবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে শরিক দলের প্রার্থীদের নাম ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রার্থীদের নাম ঘোষণা করে বিএনপি মহাসচিব বলেন, কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী ছেড়ে দেয়া আসনে বিএনপি কোনো প্রার্থী দেবে না। কেউ স্বতন্ত্র প্রার্থী হলে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও ইকবাল হাসান মাহমুদ টুকু।
বুধবার ছেড়ে দেয়া আসনগুলো হলো- ঢাকা-১২, ঢাকা-১৩, বগুড়া-২, কুমিল্লা-৭, পিরোজপুর-১, পটুয়াখালী-৩, ঝিনাইদহ-৪, ব্রাহ্মণবাড়িয়া-৬ যশোর-৫ এবং নড়াইল-২। এ আসনগুলোর মধ্যে ড. রেদোয়ান আহমেদ নির্বাচন করবেন কুমিল্লা-৭ আসন থেকে। তিনি সম্প্রতি এলডিপি থেকে বিএনপিতে যোগ দিয়েছেন। এছাড়া জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের শীর্ষ নেতা মোস্তফা জামান হায়দার পিরোজপুর-১ আসনে।
বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক ঢাকা-১২ এবং নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বগুড়া-২ থেকে নির্বাচন করবেন বিএনপির জোট হিসেবে।
গণঅধিকার পরিষদের সভাপতি ও সম্পাদকের জন্য দুটি আসন ছেড়েছে বিএনপি। নুরুল হক নুর নির্বাচন করবেন পটুয়াখালী-৩ ও গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান নির্বাচন করবেন ঝিনাইদহ-৪ আসন থেকে। বিএনপিতে যোগ দেয়া ববি হাজ্জাজের জন্য ঢাকা-১৩ আসনটি ছেড়েছে বিএনপি আর গণসংহতি আন্দোলনের সমন্বয়কারী জোনায়েদ সাকীর জন্য ছেড়েছে ব্রাহ্মণবাড়িয়া-৬।
এছাড়াও জমিয়তে উলামায়ে ইসলামের মুফতি রশিদ বিন ওয়াক্কাস যশোর-৫ থেকে এবং এনপিপির ফরিদুজ্জামান ফরহাদ নড়াইল-২ থেকে নির্বাচনে লড়বেন। এর আগে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, জমিয়তের সঙ্গে নির্বাচনী সমঝোতার ভিত্তিতে ৪টি আসনে বিএনপি প্রার্থী দেবে না।
জমিয়তের প্রার্থীরা হলেন- নিলফামারী-১ আসনে মো. মঞ্জুরুল ইসলাম আফেন্দী, নারায়ণগঞ্জ-৪ আসনে মনির হোসাইন কাসেমী, সিলেট-৫ আসনে মো. উবায়দুল্লাহ ফারুক ও ব্রাক্ষণবাড়িয়া-২ আসনে জুনায়েদ আল হাবীব।
পতাকানিউজ/কেএস

