দিনাজপুরে কালসোনা নদীতে গোসলের সময় শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে একই পরিবারের ৩ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার, ২৫ জুন দুপুর ২টায় পার্বতীপুর উপজেলার হরিরামপুর ইউনিয়নের মধ্যপাড়া ভাদুড়ীর বাজারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ভাবি আকলিমা খাতুন (১৮), ননদ দুলালী খাতুন (২১) ও সুরভি খাতুন (১০)।
স্থানীয়রা জানান, আজ দুপুরের দিকে আকলিমা তার দুই ননদকে নিয়ে ভাদুড়িয়া গ্রামের কাছে কালসোনা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হন। এরপর সেখানে খুঁজতে গিয়ে ঘাটের একটু দূরে ভাসমান তিনজনকে দেখতে পেয়ে ৯৯৯-এ নম্বরে কল করা হয়। খবর পেয়ে নিকটস্থ ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করে।
হরিরামপুর ইউনিয়নের চেয়ারম্যান মুজাহিদুল ইসলাম সোহাগ বিষয় নিশ্চিত করে জানান, এদের কেউই সাঁতার জানতেন না। একসঙ্গে তিনজনের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মধ্যপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উজ্জ্বল বলেন, ৯৯৯-এ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করি। এ ঘটনায় ইউডি মামলা হয়েছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
পতাকানিউজ/আরবি

