ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট থেকে ১৩ দশমিক ৯২ কেজি স্বর্ণ জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। জব্দ করা এসব স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ২৫ কোটি টাকা।
শনিবার, ৫ সেপ্টেম্বর সকাল ১১টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট নম্বর বিজি-১৪৮-এ ফ্লাইট থেকে এসব স্বর্ণ জব্দ করা হয়।

কাস্টমস হাউসের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল হেলপার মো. সোহেল গাজীকে তল্লাশির একপর্যায়ে বেল্টের মধ্যে কৌশলে লুকানো অবস্থায় কালো স্কচটেপে মোড়ানো কয়েকটি বস্তু পাওয়া যায়। পরে সেগুলো খুলে ১২০ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়। প্রতিটি বারের ওজন ১১৬ গ্রাম হিসেবে মোট ওজন দাঁড়ায় ১৩ দশমিক ৯২ কেজি।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, তল্লাশির সময় এভসেক, কাস্টমস গোয়েন্দা ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ২৫ কোটি টাকা।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুবাই-চট্টগ্রাম-ঢাকা রুটে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওই ফ্লাইটের অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল হেলপার মো. সোহেল গাজীর কাছ থেকে অত্যন্ত কৌশলে স্বর্ণগুলো অবৈধভাবে দেশে আনা হয়েছে। পরবর্তীতে এগুলো বিমানবন্দরের সীমানার বাইরে পাচারের আশঙ্কা ছিল।
এর আগে গত বুধবার রাতে মালিকহীন অবস্থায় ৮০টি স্বর্ণের বারের চালান জব্দ করা হয়। প্রতিটি স্বর্ণে রবারের ওজন ১১৬ দশমিক ৬৪ গ্রাম; বারগুলোর ওজন ৯ হাজার ৩৩১ গ্রাম। এসব স্বর্ণে বাজার মূল্য প্রায় ২০ কোটি টাকা।
পতাকানিউজ/আরবি

