রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় দুই কোটি ১০ লাখ টাকার স্বর্ণের বারসহ ২ জনকে আটক করেছে ঢাকা কাস্টমস হাউসের কর্মকর্তারা। আটকদের মধ্যে একজন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্মী ও অপরজন যাত্রী।
শুক্রবার, ২ অক্টোবর জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বৃহস্পতিবার রাত ১১টা ২০ মিনিটে এভসেক ও অন্যান্য গোয়েন্দা সংস্থার উপস্থিতিতে ঢাকা কাস্টমস হাউসের এয়ারপোর্ট ইউনিট বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্মী ওবায়দুর রহমানের দেহ তল্লাশি করে শার্টের পকেট ও কোমরের বেল্টে বিশেষভাবে টিস্যুতে মোড়ানো অবস্থায় ৯টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সোনার পরিমাণ এক কেজি ৫ গ্রাম, যার বাজারমূল্য প্রায় ২ কোটি ১০ লাখ টাকা।

আটক ওবায়দুর রহমানকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সম্পৃক্ত অন্য আরও এক যাত্রীকেও আটক করা হয়েছে। তবে তার পরিচয় জানা যায়নি।
এতে আরও বলা হয়, উদ্ধারকৃত স্বর্ণ ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে কাস্টমস আইন-২০২৩ এবং সংশ্লিষ্ট অন্যান্য আইনি বিধান অনুযায়ী পরবর্তী কার্যক্রম চলমান বলে জানিয়েছে এনবিআর।
পতাকানিউজ/আরবি

