রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ আগুন লেগেছে।
শনিবার, ১৮ অক্টোবর দুপুর আনুমানিক ২টা ১৫ মিনিটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২০ ইউনিট কাজ করছে।
তবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।
বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র মো. মাসুদুল হাসান মাসুদ বলেন, কার্গো ভিলেজের পাশে একটি অংশে আগুন লাগে। পরে আসতে আসতে আগুন ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস, বিমানবাহিনী এবং বিমানবন্দরের নিরাপত্তাকর্মীরা একযোগে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
তিনি আরও জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় বিমানবন্দরের ফ্লাইট ওঠানামা স্বাভাবিক রয়েছে। কার্গো ভিলেজে মূলত আমদানি করা পণ্য মজুদ রাখা হয়, সেখানকার একটি গুদাম থেকে ধোঁয়া উঠতে দেখা যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
ফায়ার সার্ভিস বলছে, দ্রুত নিয়ন্ত্রণে আনতে পারলে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হবে।
পতাকানিউজ/এআই

