শাহবাগে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদির হত্যার বিচার দাবিতে চলমান বিক্ষোভের পাশ থেকে পিস্তলসহ এক যুবককে আটক করা হয়েছে। পরে পুলিশ জানায়, সেটি খেলনা পিস্তল ছিল এবং যাচাই শেষে ওই যুবককে ছেড়ে দেয়া হয়।
সোমবার, ২৯ ডিসেম্বর সন্ধ্যায় শাহবাগ থানার সূত্রে জানা যায়, আন্দোলন চলাকালে কয়েকজন বিক্ষোভকারী এক যুবককে সন্দেহজনক মনে করে থানায় নিয়ে আসেন। তার কাছে অস্ত্রসদৃশ একটি বস্তু পাওয়া যায়। বিষয়টি জানাজানি হলে এলাকায় কিছুটা উত্তেজনা তৈরি হয়।
শাহবাগ থানা সূত্র জানায়, আটক যুবকের নাম আরাফাত হোসেন। সে ধানমন্ডি ১৫ নম্বরে থাকে।
পুলিশ আরও জানায়, যাচাই-বাছাই করে দেখা যায়, তার কাছে থাকা পিস্তলটি আসল নয়, এটি খেলনা। যাচাই শেষে কোনো ধরনের অপরাধমূলক সংশ্লিষ্টতা না পাওয়ায় ওই যুবককে ছেড়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় নতুন করে কোনো মামলা হয়নি।
উল্লেখ্য, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার ও দ্রুত বিচারের দাবিতে সোমবার শাহবাগে আন্দোলন ও বিক্ষোভ সমাবেশ চলছিল।
পতাকানিউজ/এআই

