চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে ৪৪০ কার্টুন বিদেশি সিগারেট জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। জব্দ করা এসব সিগারেটের বাজারমূল্য প্রায় ২৯ লাখ ৮০ হাজার টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
বুধবার দিবাগত রাতে কাস্টমস ইন্টেলিজেন্স, বিমানবন্দর কাস্টমস শাখা ও এনএসআই চট্টগ্রামের যৌথ অভিযানে সিগারেটগুলো উদ্ধার করা হয়।
কাস্টমস সূত্র জানায়, রাত ৯টা ৫২ মিনিটে দুবাই থেকে আসা একটি ফ্লাইটে মিনহাজুল করিম সজীব নামে এক যাত্রী চট্টগ্রামে পৌঁছান। ফটিকছড়ি উপজেলার বাসিন্দা ওই যাত্রীর লাগেজ তল্লাশি করে ২০০ কার্টুন বিদেশি সিগারেট উদ্ধার করা হয়। একই সময়ে আন্তর্জাতিক আগমনী হলের লাগেজ বেল্টে পরিত্যক্ত অবস্থায় আরও ২৪০ কার্টুন সিগারেট পাওয়া যায়।
উদ্ধার করা সিগারেটের বিপরীতে মোট প্রায় ২৯ লাখ ৮০ হাজার টাকা রাজস্ব নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে যাত্রীর কাছ থেকে উদ্ধার করা ২০০ কার্টুন সিগারেটের রাজস্ব ধরা হয়েছে ৭ লাখ টাকা এবং পরিত্যক্ত অবস্থায় উদ্ধার ২৪০ কার্টুন সিগারেটের রাজস্ব নির্ধারণ করা হয়েছে ২২ লাখ ৮০ হাজার টাকা।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহিম খলিল জানান, যাত্রীর কাছ থেকে উদ্ধার করা সিগারেট ডিপার্টমেন্টাল মেমোরেন্ডাম (ডিএম) মূল্যে জব্দ করে চট্টগ্রাম কাস্টমস হাউসের হেফাজতে রাখা হয়েছে। পরিত্যক্ত অবস্থায় উদ্ধার সিগারেটের চালানও একইভাবে কাস্টমসের জিম্মায় রাখা হয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় আটক যাত্রীকে বিমানবন্দর কাস্টমস শাখা মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে।

