শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান । রবিবার, ২২ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে এ পদত্যাগপত্র হস্তান্তর করেন তিনি।
উপাচার্যের প্রটোকল অফিসার মোহাম্মদ ফিরোজ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘উপাচার্য আজ সকাল ১০টায় মন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দিয়ে এসেছেন।’
এদিকে শিক্ষামন্ত্রী দেশের একটি ক্রান্তিকালীন সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে অসামান্য অবদান রাখায় উপাচার্যকে বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন এবং ফুলেল শুভেচ্ছা জানান।
এর আগে ১০ ফেব্রুয়ারি মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আব্দুল মতিন ভার্চ্যুয়াল ক্লাসরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দায়িত্ব থেকে সরে যাওয়ার ঘোষণা দেন ঢাবি উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান।
উপাচার্য বলেছিলেন, ‘একটি বিশেষ মুহূর্তে আমি দায়িত্ব নিয়েছিলাম। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি এখন ভালো রয়েছে। ফলে আমি দায়িত্ব থেকে সরে দাঁড়াতে চাই, যেন পরের রাজনৈতিক সরকার প্রশাসন গুছিয়ে নিতে পারে। এখন এ মুহূর্তে আমাদের যেন কোনো শূন্যতা না হয়, ধারাবাহিকতা যেন কোনো অসুবিধায় না পড়ে, সেজন্য আমাকে যদি সরকার ও অংশীজনরা যদি মনে করেন যে আরও কিছু সময় ধারাবাহিকতার প্রশ্নে হঠাৎ শূন্যতা যেন না হয়—সেই প্রশ্নে যদি তারা কিছু সময় নিতে চান, আমি সেটি বিবেচনা করতে রাজি আছি।’
পতাকানিউজ/আরবি

