চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে একটি আমবাগান থেকে বিপুল পরিমাণ গানপাউডার ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে র্যাব। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর একসঙ্গে ৯ কেজি গানপাউডার উদ্ধারের ঘটনা এই প্রথম। গানপাউডার এনে সন্দেহভাজন নাশকতাকারীরা সরকারকে কী বার্তা দিতে চাইছে? সেটা এখন ভাবনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। কারণ, দেশ যখন স্থিতিশীলতার দিকে নেওয়ার জন্য রাষ্ট্রযন্ত্র কাজ করছে, তখনই নাশকতাকারীরা গানপাউডার মজুদ করে নাশকতার পরিকল্পনা করছে বলে ধারণা করা হচ্ছে।
র্যাব জানায়, রোববার (২৯ মার্চ) রাত ১১টার দিকে শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের কোথানিপাড়া এলাকার একটি আমবাগানে অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে র্যাব-৫ এর সিপিসি-১ ক্যাম্পের সদস্যরা অংশ নেন।
অভিযানের সময় আমবাগানে পরিত্যক্ত অবস্থায় থাকা একটি প্লাস্টিকের ব্যাগ থেকে বোমা তৈরির প্রধান উপকরণ ৯ কেজি ১৫০ গ্রাম সাদা ও ধূসর রঙের গানপাউডার উদ্ধার করা হয়। এ ছাড়া ঘটনাস্থল থেকে ১ কেজি ২০০ গ্রাম কাঁচের টুকরা, ৪০০ গ্রাম লোহার পেরেক, ৩০টি জর্দার কৌটা, ১০টি কসটেপ ও ১৫টি গ্যাস লাইটার জব্দ করা হয়েছে।
র্যাবের প্রাথমিক ধারণা, নাশকতার উদ্দেশ্যে এসব বিস্ফোরক উপকরণ মজুত করা হয়েছিল। উদ্ধারকৃত আলামত শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
-পতাকানিউজ

