বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শিমুল হত্যার অভিযোগে বগুড়া পৌর সভার ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও যুবলীগের বহিষ্কৃত নেতা কারাবন্দি আব্দুল মতিন সরকারের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার, ৭ অক্টোবর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বগুড়া সদর আমলী আদালতের বিচারক মেহেদী হাসান শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন। এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা বগুড়া সদর থানার এসআই তনয় কুমার মন্ডল ৫ দিনের রিমান্ড আবেদন করেন।
মামলা সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট সকাল সাড়ে ১১ টায় বগুড়া শহরের ঝাউতলা বড়গোলা সড়কের ওপর আন্দোলনরত ছাত্র জনতার মিছিলে আসামিরা হামলা চালিয়ে ককটেল বিস্ফোরণ, মারপিট গুলি ছুড়ে বগুড়া শহরের বৃন্দাবনপাড়া দক্ষিণ পাড়ার শিমুলকে হত্যা করে।
এ ঘটনার পর শিমুলের স্ত্রী শিমু বেগম বাদী হয়ে সাবেক প্রধান মন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বগুড়া জেলা সভাপতি মজিবর রহমান মজনু ও সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপুসহ আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের ১৩৫ জন নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৩০০/৪০০ জনকে আসামি করে এ মামলা করেন।
পতাকানিউজ/পিএম/আরবি

