পৌষের মাঝামাঝিতে শীতের তীব্রতায় বিপর্যস্ত হয়ে উঠছে মৌলভীবাজারের চা শ্রমিক ও শ্রমজীবী মানুষের জনজীবন। গুড়ি গুড়ি বৃষ্টির মত পড়ছে কুয়াশা। ঘন কুয়াশার সাথে হালকা হিমেল বাতাসে অনুভূত হচ্ছে তীব্র শীত। জীবীকার তাগিদে এই শীতকে উপেক্ষা করে চা শ্রমিকদের যেতে হচ্ছে কাজে। এতে করে দুর্ভোগে পড়েছেন শ্রমজীবীসহ নিম্ন আয়ের মানুষেরা।
একই সাথে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছেন শিশু থেকে বৃদ্ধরা। গত ৩ দিন ধরে বেলা ১২টার আগে সূর্যের দেখা মিলছে না। রোদের দেখা মিললেও কিছু সময় পরে আবার আস্তে আস্তে রোদ আাড়াল হয়ে যায়। গত ৩ দিন ধরে সকাল ৬টা ও ৯টায় তাপমাত্রা উঠানামা করছে সাড়ে ১১ থেকে ১৪ ডিগ্রিতে।
শ্রীমঙ্গল আবহাওয়া অফিস জানায়, বুধবার, ৩১ ডিসেম্বর এই অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এর আগেরদিন রবিবার ১২ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। আগামী কয়েকদিন তাপমাত্রা একই রকম থাকতে পারে। সূর্যের দেখা না মেলায় ও ঘন কুয়াশা থাকায় শীতের তীব্রতা বেশি বোঝা যাচ্ছে।
তীব্র শীতে বিপাকে পড়েছেন জেলার ৯২টি চা বাগানের শ্রমিকরা। তার সাথে দিনমজুর, রিকশাচালক, নির্মাণশ্রমিক ও খেটে খাওয়া মানুষও শিকার হচ্ছেন দুর্ভোগের। যাদের বেশিরভাগকেই খোলা আকাশের নিচে কাজ করতে হয়। শীত উপেক্ষা করে কেউ কাজে বের হয়েছেন আবার কেউ রোদের অপেক্ষা করছেন।
চা শ্রমিকেরা জানান, তীব্র শীতের সময়ও আমাদের কাজ করতে হয়। এখন চা বাগানে চা গাছ ছাটাইকরণ করতে হয় ঘন কুয়াশা ও শীতের মাঝে। তখন আমাদের গায়ে গরম কাপড় রাখা যায় না। এমনিতেই অসহায় দরিদ্র চা শ্রমিকদের পর্যাপ্ত গরম কাপড় নেই। রাতে ঠান্ডার জন্য ঘুমাতে পারি না। অনেককেই গায়ে চটের বস্তা পরিধান করে তাকতে হয়। অনেক কষ্ট করে জীবনের এই সময়টা কাটাতে হয়।
দিনমজুর সমুজ মিয়া বলেন, ‘কিছুদিন ধরে শীত বেড়েছে। দুপুর পর্যন্ত ঘন কুয়াশা থাকে। এরপরেও কাজে যেতে হচ্ছে। একদিন কাজে না গেলে পরিবারের সদস্যদের অনাহারে থাকতে হবে। এ জন্য বাধ্য হয়ে শীত উপেক্ষা করে কাজে যেতে হচ্ছে।’
শমশেরনগর চা বাগানের চা শ্রমিক নারী নেত্রী মনি গোয়ালা ও মায়া রবিদাস বলেন, ‘শীতে মারা যাবো তবুও আমরা চা শ্রমিকেরা কোন শীতবস্ত্র পাই না। প্রতি বছর বিভিন্ন সংগঠন চা বাগানে শীতবস্ত্র হিসেবে চাহিদার তুলনায় অল্পহারে কম্বল বিতরণ করেন। এ কম্বল পাতলা হওয়ায় তীব্র শীতে কাজে আসে না। চা বাগানের শ্রমিকদের অবস্থা খুবই নাজেহাল। ঠান্ডায় অনেকে অসুস্থ হয়ে পড়েছেন।’
বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক রাম ভঝন কৈরী বলেন, ‘প্রতি বছর শীতের সময় চা শ্রমিকদের বেশি কষ্ট হয়। এমনিতেই শ্রীমঙ্গলসহ পুরো মৌলভীবাজার জেলায় শীতের তীব্রতা বেশী। এ জেলায় ৯২টি চা বাগান আছে। প্রতিটি বাগানের শ্রমিকদের পর্যাপ্ত কোনো গরম কাপড় নেই। বাগানের শিশু ও বৃদ্ধরা অনেক কষ্ট আছেন।’
শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান বলেন, ‘কয়েকদিন ধরেই এই অঞ্চলে শীতের দাপট রয়েছে। বিশেষ করে রাতে বেশি শীত অনুভূত হচ্ছে। আরও কয়েকদিন একই রকম তাপমাত্রা থাকবে।’
এদিকে শীতের তীব্রতা বাড়ার সাথে সাথে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা বাড়ছে। বিশেষ করে জ্বর সর্দি, কাশি ও ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছেন শিশু ও বয়স্করা। অনেকেই চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। কেউ প্রাথমিক চিকিৎসা সেবা নিয়ে বাড়িতে ফিরছেন।
মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. মো. মামুনুর রহমান বলেন, ‘শীতের মধ্যে সবাইকে পর্যাপ্ত গরম কাপড় পড়তে হবে। বিশেষ করে এই সময়ে শিশু ও বৃদ্ধদের বাড়তি খেয়াল রাখতে হবে। তাদেরকে বেশি করে গরম কাপড় পরিধানে রাখতে হবে।’
মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল বলেন, ‘আমরা সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে শীতবস্ত্র বিতরণ করেছি। কেউ আবেদন করলে আমরা শীতবস্ত্র দিয়ে দিবো।’
পতাকানিউজ/এমআরএম/কেএস

