হত্যা ও অস্ত্র মামলায় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন প্রকাশ ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রবিবার, ২ আগস্ট চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোতাসিম বিল্লাহ’র আদালত এ আদেশ দেন।
মোবারক হোসেন ইমন প্রকাশ ডেভিড ইমন (২৫) ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর এলাকার মৃত মো.মুসার ছেলে।

এর আগে ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র মামলায় আসামি ডেভিড ইমনের বিরুদ্ধে প্রতিটি মামলায় ৭ দিন করে মোট ১৪ দিন রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে আদালত ৫ দিন করে মোট ১০ দিন রিমান্ড মঞ্জুর করেছেন।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. জুনায়েত কাউছার বলেন, ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র মামলায় আসামি ডেভিড ইমনের বিরুদ্ধে প্রতিটি মামলায় ৭ দিন করে মোট ১৪ দিন রিমান্ড আবেদন করা হয়। আদালত শুনানি ৫ দিন করে মোট ১০ দিন রিমান্ড মঞ্জুর করেছেন।
প্রসঙ্গত, মঙ্গলবার, ২৮ জুলাই রাত ৩টায় যশোরের ধুমধুমপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে চট্টগ্রাম জেলা পুলিশের একটি দল।
সন্ত্রাসী ইমন বিদেশে পলাতক আরেক শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদের অন্যতম সহযোগী। তার বিরুদ্ধে অন্তত বিভিন্ন থানায় ১৫টি মামলা রয়েছে। চট্টগ্রামে দুবছর ধরে বেশকিছু চাঁদাবাজি ও হুমকির ঘটনায় তার নাম আলোচনায় আসে।
পতাকানিউজ/আরবি

