‘শীর্ষ সন্ত্রাসী’ সরোয়ার হোসেন সাকিব হত্যা মামলায় গ্রেপ্তার বেলাল উদ্দিন মুন্নার ৩ দিনের রিমাণ্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার, ১৩ নভেম্বর চট্টগ্রাম ১ম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিক শুনানি শেষে এ আদেশ দেন।
এর আগে গ্রেপ্তার বায়েজিদ বোস্তামী থানার চালিতাতলি জানালীনগর সাত্তার কন্ট্রাক্টরের বাড়ির আব্দুস সাত্তারের ছেলে মো. বেলাল উদ্দিন মুন্নার (৪২) ৫ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন বায়েজিদ থানার এসআই মো. কাউছার হামিদ।
আবেদনে বলা হয়, সরোয়ার হোসেন সাকিবের (৩৮) সঙ্গে ব্যবসায়িক দ্বন্ধের কারণে গত ৫ নভেম্বর গুলি করে হত্যা করা হয়। এর আগে গত ৩০ মার্চ সরোয়ারকে বাকলিয়া এক্সেস রোডে সশস্ত্র হত্যার চেষ্টা করা হয়। এসময় বখতিয়ার হোসেন মানিক ও আবদুল্লাহ রিফাত গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।
সরোয়ারেকে খুনের এক সপ্তাহ আগে চাঞ্চল্যকর এইট মার্ডারের মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাজ্জাদ আলী হোয়াটসঅ্যাপে কল করে যা খাওয়ার খেয়ে নিতে বলেন। পরে ৫ নভেম্বর বিকেল সাড়ে ৫টায় বায়েজিদ বোস্তামী থানার চালিতাতলি খন্দকার পাড়ায় চট্টগ্রাম-৮ আসনের বিএনপি’র সম্ভাব্য এমপি প্রার্থী এরশাদ উল্লাহর গণসংযোগে লিফলেট বিলির সময় গুলি করে হত্যা করা হয়। সরোয়ারের গলায়, থুতনী, পেটে, পায়ে, পিঠে এবং ঘাড়ে মোট ৭টি গুলি লাগে।
এসময় এরশাদ উল্লাহ বুকে গুলিবিদ্ধ হন এবং তার সহকর্মী ইরফানুল হক শান্তর (২৫) মাথায় ও গায়ে ৪টি গুলি লাগে।
পরে ৯ নভেম্বর আসামি বেলালকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মহানগরের বায়েজিদ বোস্তামি ও পাঁচলাইশ থানায় ৬টি মামলা রয়েছে।
পতাকানিউজ/আরএস/আরবি

