জরুরি মেরামত কাজের কারণে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাত ১০টা থেকে শনিবার ভোর ৬টা পর্যন্ত টানা ৮ ঘণ্টা নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জের বিস্তৃত অঞ্চলে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। বিষয়টি নিশ্চিত করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) জারি করা এক বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানায়, ডেমরা-সিদ্ধিরগঞ্জ-গোদনাইল ভাল্ভ স্টেশনমুখী ১০, ১২ ও ১৪ ইঞ্চি মুখ্য বিতরণ পাইপ লাইনের একটি অংশ বিচ্ছিন্ন করে জরুরি মেরামতের কাজ চলবে। এ কারণে নির্ধারিত সময়ে নারায়ণগঞ্জ শহর, সিদ্ধিরগঞ্জ, মৌচাক, দেলপাড়া, পাগলা, ফতুল্লা, পঞ্চবটি, মোক্তারপুর ও মুন্সিগঞ্জ এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এ ছাড়া আশপাশের এলাকায় গ্যাসের চাপ স্বাভাবিকের তুলনায় কম থাকতে পারে বলে জানিয়েছে তিতাস কর্তৃপক্ষ। সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখও প্রকাশ করেছে সংস্থাটি।
পতাকানিউজ/এনটি

