আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনা ও তার পরিবারের কোনো সদস্য ভোট দিতে পারবেন না বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।ৰ
আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) ইসি সচিব আখতার আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, যাদের এনআইডি লক আছে তারা কেউই প্রবাসে বসে ভোট দিতে পারবেন না। কারণ এনআইডি লক থাকলে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করা যায় না।
উল্লেখ্য, গত এপ্রিলে ইসির এনআইডি শাখার মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর নির্দেশনায় শেখ হাসিনা ও তার পরিবারের ১০ সদস্যের এনআইডি লক করা হয়। যাদের এনআইডি লক করা হয়েছে তারা হলেন রেহানা সিদ্দিক, শেখ হাসিনা, সজীব আহমেদ ওয়াজেদ, সায়মা ওয়াজেদ, শাহিন সিদ্দিক, বুশরা সিদ্দিক, টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, আজমিনা সিদ্দিক, রাদওয়ান মুজিব সিদ্দিক ও তারিক আহমেদ সিদ্দিক।
ইসি সচিব বলেন, সংসদ নির্বাচনে ইন কান্ট্রি ও আউট অব কান্ট্রি ভোট হবে। যারা প্রবাসে আছেন, তারা অনলাইনে নিবন্ধন করবেন। এজন্য সিস্টেম ডেভেলপ করা হচ্ছে।
শেখ হাসিনা ভোট দিতে পারবেন কিনা, জানতে চাইলে তিনি বলেন, উনার তো এনআইডি লক আছে। যাদের এনআইডি লক আছে তারা ভোট দিতে পারবেন না।
পতাকানিউজ/আইবিএম

